বদ্ধঘরে অর্ধগলিত লাশ

প্রবাহ রিপোর্ট ঃ নওগাঁর মহাদেবপুরে নিজ শয়নকক্ষের বদ্ধঘরে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় নিজ ঘর থেকে গৌতম সরকারের (৪৫) লাশ উদ্ধার করা হয়। গৌতম সরকার শিবগঞ্জ বাজার এলাকার অরুণ সরকারের ছেলে। জানা গেছে, গৌতম দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে একাকী বসবাস করে আসছেন। প্রায় ১৩ বছর আগে স্ত্রী-সন্তান তাকে ছেড়ে অন্যত্র চলে যায়। নিঃসঙ্গ থাকায় তিনি আত্মহত্যা করেছে বলে মনে করছেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তিনি সবার অজান্তে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে ঘটনাটি প্রথমদিকে কারও নজরে না আসায় তার লাশ কয়েকদিন ঘরের ভেতরেই ঝুলে ছিল। পরবর্তীতে ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে শুরু করলে আশপাশের লোকজন বিষয়টি সন্দেহজনক মনে করে থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় গৌতমের অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



