সরবরাহ সামান্য বাড়ানোয় খুলনায় ডিপো থেকে তেল নেওয়া শুরু

স্টাফ রিপোর্টারঃ ডিপো থেকে সরবরাহ সামান্য বাড়িয়ে দেওয়ার আশ্বাসে বেলা সাড়ে ১১টা থেকে ট্যাংক-লরিতে তেল নেওয়া শুরু হয়েছে। পদ্মা ও মেঘনা ডিপো থেকে তেল লোড শুরু হয়। যমুনা ডিপোর সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। গাড়িপ্রতি ৯ হাজার লিটার করে তেল দেওয়া হচ্ছে।মেঘনা পেট্রোলিয়াম ডিপোর ম্যানেজার হাবিবুর রহমান বলেন, ‘বেলা সাড়ে ১১টা থেকে তেল লোড করা শুরু হয়েছে। চাহিদামতো দেওয়া সম্ভব হচ্ছে না। গাড়িপ্রতি ৩ হাজার লিটার করে ৯ হাজার লিটার সরবরাহ করা হচ্ছে।’গোপালগঞ্জের কাশিয়ানীর এমএম ফিলিং স্টেশনের জন্য তেল নেওয়া ট্যাংক-লরির শ্রমিক আশরাফুল ইসলাম হিরা জানান, তিনি ৯ হাজার লিটার তেল পেয়েছেন। তেল দেওয়া একটু বাড়িয়েছে, কিন্তু এতে চাহিদা মেটানো কঠিন হবে।খুলনা বিভাগীয় ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ পিন্টু জানান, আলোচনা করে ডিপো থেকে সামান্য বাড়িয়ে তেল সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পদ্মা ও মেঘনা ডিপো থেকে তেল লোড করা শুরু হয় বেলা সাড়ে ১১টায়। এখন যমুনা ডিপোতে আলোচনা করে সিদ্ধান্ত হবে। এতে পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক হবে। ঈদের আগ পর্যন্ত এভাবেই চলবে। ঈদের পর তেল সরবরাহ বাড়বে। চাহিদামতো তেল সরবরাহ না করায় ট্যাংক-লরি মালিক ও চালকরা শনিবার থেকে তেল নেওয়া বন্ধ করেন। রবিবার সকালেও তেল উত্তোলন বন্ধ ছিল।



