মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ডে ৩০ ঘণ্টা ধরে আগুন

# রহস্যজনকভাবে মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ সেনা #
প্রবাহ রিপোর্ট ঃ যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে রণতরিতে থাকা বহু নাবিক ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং অন্তত ৬০০ নাবিক তাদের থাকার জায়গা হারিয়ে মেঝেতে বা টেবিলের পাশে ঘুমাচ্ছেন। নিউইয়র্ক টাইমস সোমবার (১৭ মার্চ) নাম প্রকাশে অনিচ্ছুক নাবিক ও সামরিক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, আগুন লন্ড্রি বা কাপড় ধোয়ার অংশে লাগার পর ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়। মার্কিন নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বললেও রণতরীর ক্রুদের জীবনযাত্রা ‘চরম অস্বস্তিকর’ অবস্থায় রয়েছে। যুদ্ধজাহাজটির প্রায় ৪,৫০০ ক্রু ও বিমান সেনা এখন ধোঁয়া ও আগুনের ধ্বংসযজ্ঞের প্রভাব সামলাচ্ছেন। লন্ড্রি পুড়ে যাওয়ায় কাপড় ধোয়া বাধাগ্রস্ত, টয়লেটের সমস্যা দীর্ঘমেয়াদি মোতায়েনের সময় আরও প্রকট হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার সময় লোহিত সাগরে মোতায়েন থাকা এই ১ লাখ টন ওজনের রণতরীর সামরিক কার্যক্রম কোনোভাবেই ব্যাহত হয়নি। তবে বর্তমান পরিস্থিতি নাবিকদের জন্য চরম অস্বস্তিকর।
২০১৯ সালে ভার্জিনিয়ার নরফোক বন্দর ছাড়ার পর থেকে রণতরীটি আটলান্টিক, ভূমধ্যসাগর ও ক্যারিবীয় অঞ্চল হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই মোতায়েন এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত চলে, তবে এটি ভিয়েতনাম যুদ্ধের পর কোনো মার্কিন রণতরীর দীর্ঘতম মোতায়েন হবে।



