জাতীয় সংবাদ

মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল : এরদোয়ান

প্রবাহ রিপোর্ট ঃ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তার অভিযোগ, ইসরায়েল ধীরে ধীরে পুরো অঞ্চলকে একটি বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। রাজধানী আংকারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এরদোয়ান বলেন, ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপগুলো কেবল নিরাপত্তা উদ্বেগ থেকে পরিচালিত হচ্ছে; এমন দাবি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গাজা থেকে শুরু হয়ে ইয়েমেন ও লেবানন পর্যন্ত বিস্তৃত হামলা এবং সর্বশেষ ইরানকে লক্ষ্যবস্তু করা অভিযানের পেছনে আরও গভীর উদ্দেশ্য রয়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বৈশ্বিক ব্যবস্থা এখন একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বজনমতের সামনে প্রকৃত পরিস্থিতি তুলে ধরা জরুরি হয়ে পড়েছে। আল-আকসা মসজিদ প্রসঙ্গেও কঠোর সমালোচনা করেন এরদোয়ান। তার ভাষ্য, কোনো বৈধ কর্তৃত্ব ছাড়াই মুসল্লিদের জন্য টানা ১৭ দিন ধরে আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, তথাকথিত ‘প্রতিশ্রুত ভূমি’র ধারণা থেকে শুরু করে বিভিন্ন প্রলয়ঙ্কর বয়ান একসঙ্গে প্রচার করা হচ্ছে, যা কাকতালীয় নয়; বরং একটি পরিকল্পিত প্রক্রিয়ার অংশ। তার মতে, এই বাস্তবতা, বর্বরতা ও উন্মত্ততার চিত্র বিশ্ববাসীর সামনে আরও জোরালোভাবে তুলে ধরা প্রয়োজন। এদিকে ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে এখন পর্যন্ত এক হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন বলে দাবি করা হয়েছে। এর প্রতিক্রিয়ায় তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল, জর্ডান, ইরাকসহ উপসাগরীয় বিভিন্ন অঞ্চলে। এসব হামলায় হতাহত ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বৈশ্বিক বাজার ও বিমান চলাচলেও প্রভাব পড়েছে। অন্যদিকে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানও আরও বিস্তৃত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button