ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী প্রবাসী যাত্রীরা। যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতের প্রভাবে একের পর এক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। অনেকে সকালে এসে গভীর রাত পর্যন্তও নিশ্চিত হতে পারছেন না আদৌ সেদিন তাদের ফ্লাইট ছাড়বে কি না। বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগ, শুধু ফ্লাইট বিলম্ব নয়Í সঠিক তথ্যের অভাব, বসার অপ্রতুল ব্যবস্থা, প্রচ- গরম, মশার উপদ্রব এবং স্বজনদের নিয়ে দীর্ঘসময় অনিশ্চয়তায় থাকার কারণে তাদের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার (২৬ ও ২৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের বিভিন্ন অংশে বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনরা উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। কারো হাতে লাগেজ, কারো চোখে মুখে ক্লান্তি, কারো কণ্ঠে ক্ষোভ। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী শ্রমজীবী প্রবাসীদের মধ্যে উৎকণ্ঠা ছিল বেশি। তাদের অনেকেই কর্মস্থলে যোগ দেওয়ার নির্ধারিত সময় সামনে রেখে দেশে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরছিলেন। কিন্তু বিমানবন্দরে এসে পড়েছেন নতুন অনিশ্চয়তায়।



