২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ আগামী কয়েক বছরের মধ্যে দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে প্রায় ২২০০০ কৃষককে এই পাইলট প্রজেক্টের আওতায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য তাহসিনা রুশদীর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা জানান৷ এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা যে কৃষক কার্ডটি দেব, ইনশাল্লাহ আগামী ১৪ তারিখে পয়লা বৈশাখের দিন চালু করতে যাচ্ছি। এই পাইলট কর্মসূচির আওতায় এরই ভেতরে মোটামুটিভাবে ২২০০০ বিভিন্ন ধরনের কৃষক রয়েছেন। প্রায় ২২০০০ কৃষককে এই পাইলট প্রজেক্টের আওতায় নিয়ে এসেছি। বাংলাদেশের ১০টি জেলায় এই কর্মসূচি আমরা শুরু করতে যাচ্ছি। আপনি জিজ্ঞেস করেছেন যে, কবে নাগাদ সমগ্র বাংলাদেশে এটি সকল কৃষককে আমরা দিতে পারব। তিনি বলেন, বাংলাদেশ সরকারের কাছে যে হিসাব আছে, তাতে প্রায় ২ কোটি ৭৫ লাখের কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর।



