জাতীয় সংবাদ

বিআইপি খুলনার নেতৃবৃন্দের সাথে কেসিসির কর্মকর্তাদের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)-খুলনার নেতৃবৃন্দের সাথে খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা বুধবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিম সহ খুলনা বিশ^বিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের শিক্ষক ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত পরিকল্পনাবিদগণ সভায় উপস্থিত ছিলেন। খুলনা মহানগরীর উন্নয়নে সময়োপযোগী পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত পরিকল্পনাবিদগণ বলেন, খুলনা মহানগরীকে এখনো পরিকল্পনামাফিক গড়ে তোলার সুযোগ রয়েছে। এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, শহর সংলগ্ন জমির শ্রেণিভেদ নির্ণয় করা, সরকারি জমি চিহ্নিত করে জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করা, ইজিবাইক চলাচল নিয়ন্ত্রণ করাসহ রং নির্ধারণ, ওয়ার্ডভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, প্রকল্প গ্রহণের সময় সকল মাস্টারপ্লানের সাথে সমন্বয় রাখা, উন্নয়ন কাজ বাস্তবায়নের সাথে সম্পৃক্ত সকল সংস্থার সাথে সমন্বয় সাধনসহ নগরীর বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় তুলে ধরেন। এছাড়া পানি সংরক্ষণের জন্য ময়ূর নদের বিকল্প নেই উল্লেখ করে নগরীতে বিদ্যমান খালগুলির সংযোগ ময়ূর নদে দিতে পারলে জলাবদ্ধতা নিরসন করা সম্ভব বলে সভায় অবহিত করেন। সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নিজ নিজ সীমানা নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। সভায় কেসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে আমি নগরীর সমাস্যসমূহ নিরূপণ করার চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীও জনগণ কি চায় তা জেনে তারপর তাকে জানানোর পরামর্শ দিয়েছেন। চিহ্নিত সমস্যাসমূহের ওপর ভিত্তি করেই একটি কর্মপরিকল্পনা তৈরী করবো এবং দূষণ ও মশামুক্ত সবুজ নগরী গড়ে তোলার চেষ্টা অব্যাহত রাখবো। শীঘ্রই ‘কেমন খুলনা চাই’ বিষয়ের ওপর একটি নাগরিক সংলাপ আয়োজনের ইচ্ছা পোষণ করে তিনি বলেন, ড্রেনসহ যত্র-তত্র আবর্জনা ফেলে আমরাই খাল ও ড্রেন বন্ধ করে ফেলছি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই অভ্যাসে পরিবর্তন আনতে হবে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রশাসক নগরীর উন্নয়নের সকল ক্ষেত্রে পরিকল্পনাবিদদের সহযোগিতা কামনা করেন এবং নৈশকালীন কারিগরি ও ভাষা শিক্ষা কোর্স চালু করার জন্য খুলনা বিশ^বিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যলয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, খুলনা বিশ^বিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো: জাকির হোসেন, প্রফেসর মো: আশিক-উর-রহমান, প্রফেসর মো: আহসানুল কবির, কেসিসি’র প্রধান পরিকল্পনা কর্মকর্তা ও বিআইপি-খুলনার সভাপতি আবির উল জব্বার, আর্কিটেক্ট রেজবিনা খানম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কুয়েট-এর ইউআরপি বিভাগের প্রফেসর ড. তুষার কান্তি রায়, সহকারী প্রফেসর সারফান উপল, লেকচারার আব্দুল্লাহ আল মুস্তাবি, কেডিএ’র প্লানিং অফিসার মো: তানভীর আহমেদ, সহকারী টাউন প্লানার রাকিবুল হাসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পরিকল্পনাবিদগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বিআইপি-খুলনার সাধারণ সম্পাদক আসিফ আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button