গলাটিপে শিশুকে হত্যা, কারাগারে বাবাসহ সৎ মা

প্রবাহ রিপোর্ট ঃ ময়মনসিংহের ত্রিশালে তিন বছরের শিশু মো. লাবিবকে গলাটিপে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা ও সৎ মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর মধ্েয বাবা সোহাগ মিয়ার নামে শিশুটিকে হত্যা এবং প্ররোচনা ও সহযোগিতার অভিযোগে সৎ মা জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়। লোমহর্ষক এই হত্যাকা-ের ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ত্রিশাল থানা পুলিশ সংশ্লিষ্ট মামলায় আসামিদের ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এর আগে বুধবার (১ এপ্রিল) রাতে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত সোহাগ এবং সৎ মা জাকিয়াকে গ্রেপ্তার করা হয়। ঘাতক বাবা সোহাগ ত্রিশাল উপজেলার হরিরামপুর রায়ের গ্রামের বাসিন্দা। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিহত শিশুর মা লামিয়া আক্তার তার একই গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার দিন দুপুর আনুমানিক ১টার দিকে নিহতের বাবা সোহাগ শ্বশুরবাড়িতে এসে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যান এবং একইদিন সন্ধ্যায় তাকে পুনরায় নানার বাড়িতে রেখে যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যার দিকে স্থানীয়রা শিশুটির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির মা লামিয়া বাদী হয়ে ঘাতক স্বামী সোহাগ এবং তার প্রথম স্ত্রী জাকিয়ার নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ত্রিশাল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী নিজে তার সন্তানকে গলাটিপে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যান বাবা। ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এছাড়া এ মামলার অপর আসামি জাকিয়াকেও আইনি প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে।



