কলাপাড়ায় ট্রলারে মিলল ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল

প্রবাহ রিপোর্ট ঃ পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে পরিবহনের সময় একটি ট্রলার থেকে ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন আন্ধারমানিক নদীতে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারটি থেকে ৩ হাজার ২০০ লিটার ডিজেল ও ৩ হাজার লিটার পেট্রল জব্দ করা হয়। জানা যায়, ট্রলারটিতে ১৬ ব্যারেল ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রল নিয়ে কলাপাড়া উপজেলা থেকে রাঙ্গাবালী উপজেলার উদ্দেশে যাত্রার প্রস্তুতি চলছিল। অভিযানের পর ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। অবৈধভাবে জ্বালানি তেল সরবরাহ ও পরিবহনের দায়ে ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশন’-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত তেল সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, ফিলিং স্টেশন থেকে অনিয়মিতভাবে তেল সংগ্রহ, মজুদ ও অবৈধ পরিবহনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের কার্যক্রম রোধে অভিযান নিয়মিতভাবে চালানো হবে। জব্দকৃত ৬ হাজার ২০০ লিটার জ্বালানি তেল আইনি প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে।



