থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহী যুক্তরাজ্য

প্রবাহ রিপোর্ট ঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য, এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। বুধবার (৮ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ‘পদ্মা’হলে যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
এ সময় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নতুন সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে দেশের বিমান ও পর্যটন খাতে বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহ বাংলাদেশের বিমান খাতের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এ সময় যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে নতুন সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা অব্যাহত রাখার কথাও উল্লেখ করা হয়। বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী উভয়েই দেশের বিমান ও পর্যটন খাতকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক করতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



