সংসদে ‘ফ্যাসিবাদের কালো ছায়া’ ফিরে এসেছে: জামায়াত আমির

প্রবাহ রিপোর্ট : জাতীয় সংসদে ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও বড় আকার ধারণ করবে। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবির মুক্তিযোদ্ধা হলে ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক ১১ দলীয় ঐক্যের আয়োজিত জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় সংসদে আবারও ‘ফ্যাসিবাদী ধারা’ ফিরে এসেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাইয়ের চেতনার বিপরীতে অবস্থান নিয়ে সরকার শেষ পর্যন্ত পার পাবে না।
তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, তা সফল না হওয়া পর্যন্ত বন্ধ হবে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে এ আন্দোলন আরও বৃহৎ রূপ নেবে।
সেমিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে গণভোটের রায় অনুযায়ী ‘জুলাই সনদ’ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে চলমান তেল সংকট ও হাম সংক্রমণ পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করা হয়।
গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে : অপরদিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের ভাষা বুঝতে চেষ্টা করুন। পাঁচ কোটি মানুষের গণভোটের রায়কে অস্বীকার করে দেশে নতুন সংকট তৈরি করবেন না। ইতিহাস থেকে শিক্ষা নিন, তা না হলে যারা অতীতে কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পথ বেছে নিয়েছিল, তাদের মতো পরিণতি ভোগ করতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে গোলাম পরওয়ার এসব কথা বলেন। ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ১১ দলীয় ঐক্য।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পার্লামেন্টে বিরোধীদলীয় নেতা ও চিফ হুইপসহ সকল সংসদ সদস্যদের কণ্ঠ রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এটি অনেকটা বাকশালি কায়দায় দমনের চেষ্টা। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন, কিন্তু মনে রাখবেন সংবিধান শুধু আপনারা একাই পড়েন না, আমরাও বুঝি।
আইনমন্ত্রী ও চিফ হুইপকে উদ্দেশ্য করে গোলাম পরওয়ার বলেন, আপনারা যদি গণভোটের পক্ষে ভোট দিয়ে থাকেন, তবে এখন কেন তাকে অবৈধ বলছেন? নিজের দেওয়া ভোট অস্বীকার করা মানে নিজের আত্মপরিচয়কে ইগনোর করা। সত্য স্বীকার করুন এবং সংস্কার পরিষদের বৈধতাকে মেনে নিয়ে তা বাস্তবায়ন করুন।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ক্ষমতায় আসার মাত্র দেড় মাসেই আপনারা ব্যাংক থেকে ৪২ হাজার কোটি টাকা লোন নিয়েছেন। রেমিট্যান্স কমছে, দ্রব্যমূল্য বাড়ছে এবং দেশে জ্বালানি সংকট প্রকট হচ্ছে। এই সংকট সমাধানের পরিবর্তে আপনারা ফ্যাসিবাদী শাসনের দিকে ঝুঁকছেন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ।


