ছোট্ট আবিরার চিঠিতে সরকারের সাড়া : হচ্ছে বগা সেতু

প্রবাহ রিপোর্ট ঃ জেলার বাউফলের দ্বিতীয় শ্রেণির এক শিশু আবিরার লেখা একটি চিঠিই যেন বদলে দিল দীর্ঘদিনের জনদুর্ভোগের গল্প। পটুয়াখালীর বাউফল ও দুমকি উপজেলার লাখো মানুষের প্রাণের দাবি লোহালিয়া নদীর ওপর বগা সেতু নির্মাণে এবার সরাসরি মাঠে নেমেছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্ভাব্যতা যাচাইয়ে বগা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই সেতুর নির্মাণকাজ শুরু হতে পারে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে দুমকি উপজেলার চরগরবদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ একটি সেতুর জন্য অপেক্ষা করছেন। ছোট্ট শিক্ষার্থী আবিরা প্রধানমন্ত্রী তারেক রহমানের বরাবর একটি চিঠি লিখে এলাকার মানুষের কষ্টের কথা তুলে ধরেছে। বিষয়টি গণমাধ্যমে দেখে প্রধানমন্ত্রী তাকে অবহিত করেন। এরপরই তিনি সরেজমিনে পরিস্থিতি দেখতে পটুয়াখালীতে আসেন। তিনি বলেন, এতটুকু বয়সে আবিরা উন্নয়ন নিয়ে ভাবছে, এটা সত্যিই প্রশংসনীয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও তাকে ধন্যবাদ জানাই। মানুষের কষ্ট লাঘবেই সরকার কাজ করছে। রবিউল আলম আরও জানান, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ নামে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে চীনের পক্ষ থেকে নকশা প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ভূমি অধিগ্রহণ ও প্রাথমিক প্রস্তুতির কাজও সম্পন্ন হয়েছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। স্থানীয়রা জানান, বগা ফেরিঘাটে প্রতিদিন হাজারো মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। একটি সেতু নির্মিত হলে পটুয়াখালী, বাউফল ও দুমকির মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও বাণিজ্যেও নতুন গতি আসবে।



