জাতীয় সংবাদ

ট্রাম্প-নেতানিয়াহুকে হত্যায় ৫৮ মিলিয়ন ডলার ঘোষণা ইরানের

খামেনি হত্যার প্রতিশোধ হিসেবেই বিল পাস করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট

প্রবাহ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার জন্য ৫৮ মিলিয়ন মার্কিন ডলারের বিশাল আর্থিক পুরস্কার ঘোষণা করেছে ইরান। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ হিসেবেই এ বিষয়ে একটি বিল পাস করতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজির বরাতে এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম ইরান ওয়্যার এবং ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।
আজিজি জানিয়েছেন, তাদের কমিটি ‘ইসলামী প্রজাতন্ত্রের সামরিক ও নিরাপত্তা বাহিনীর পাল্টা পদক্ষেপ’ শিরোনামে একটি নতুন বিল পাসের প্রস্তুতি চলছে, যার আওতায় মার্কিন ও ইসরায়েলি শীর্ষ নেতাদের হত্যাকারীকে ৫ কোটি ইউরো বা প্রায় ৫ কোটি ৮২ লাখ মার্কিন ডলার (৭১৫ কোটি ৫৬ লাখ বাংলাদেশি টাকা) পুরস্কার দেওয়ার আইনি বৈধতা দেওয়া হবে।
তিরি আরও জানিয়েছেন, সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যাকা-ে সরাসরি ভূমিকা রাখার অপরাধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারকে অবশ্যই পাল্টা পদক্ষেপের আওতায় আনা হবে।
ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের আরেক সদস্য মাহমুদ নাভাবিয়ানও ঘোষণা করেছেন, “যিনি ‘ট্রাম্প ও নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাবেন’, তার জন্য রাষ্ট্রীয় পুরস্কার নির্ধারণের শিগগিরই ইরানি পার্লামেন্টে চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে”।
এরআগে ইরানের সরকারপন্থী সংবাদমাধ্যম মাসাফ দাবি করে, তারা ইতিমধ্যেই ট্রাম্পকে হত্যা করার জন্য ‘কিল ট্রাম্প’ নামে একটি বিশেষ অভিযানের জন্য ৫ কোটি মার্কিন ডলারের আর্থিক তহবিল সংগ্রহ করেছে।
এছাড়া ইরানের রাষ্ট্র-সমর্থিত সাইবার যুদ্ধ পরিচালনাকারী হ্যাকিং গ্রুপ ‘হান্দালা’ একটি পৃথক বিবৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন বিচার বিভাগ তাদের সদস্যদের সন্ধান দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণার পাল্টা জবাব হিসেবে তারা ট্রাম্প ও নেতানিয়াহুকে ‘নিপীড়ন ও দুর্নীতির প্রধান কারিগর’ আখ্যা দিয়ে তাদের হত্যার জন্য ৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে।
হান্দালা স্পষ্ট করে বলেছে, এই দুই রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ‘বাস্তব পদক্ষেপ’ গ্রহণকারী যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীকেই এই অর্থ প্রদান করা হবে।
এদিকে তেহরানের এই সিদ্ধান্ত দেশটির পূর্ববর্তী যেকোনো ধর্মীয় ফতোয়া ও প্রচারণামূলক অভিযানের মাধ্যমে দেওয়া গুপ্তহত্যার আহ্বানসহ মৌখিক হুমকির চেয়ে অনেক বেশি মারাত্মক। এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে বর্তমানে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতিকে চূড়ান্তভাবে হুমকির মুখে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক বক্তৃতায় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান যদি তাকে হত্যার কোনো চেষ্টা করে, তাহলে মার্কিন সামরিক বাহিনীকে ‘অত্যন্ত কঠোর নির্দেশ দেওয়া’ হবে যাতে তারা ‘ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণ মুছে ফেলে’। সূত্র: এনডিটিভি

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button