জাতীয় সংবাদ

শাহজালালে বিমানের কার্গো হোল থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার

প্রবাহ রিপোর্ট ঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে অভিযান চালিয়ে প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটির কার্গো হোলে তল্লাশি চালানো হয়। এ সময় কার্গো হোল থেকে একে একে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর বিবেচনায় এর মূল্য প্রায় ৪৫ কোটি টাকা হতে পারে। স্বর্ণের চালানটি কীভাবে বিমানের কার্গো হোলে পৌঁছেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এটি পাচারের উদ্দেশে আনা হয়েছিল কি না-এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button