পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ শিশুর

প্রবাহ রিপোর্ট ঃ নরসিংদীর মনোরহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা হলো- সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি ও শুককুর আলীর মেয়ে সুমাইয়া। তাদের সকলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। তারা ২ জন মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও একজন পঞ্চম শ্রেণির ছাত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তারা শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। ওই সময় শিশু সুমাইয়া পানিতে ডুব দেওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজতে আরও দুই শিশু পানিতে নামে। পরে তারাও পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও তিন শিশুকে না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



