ব্ল্যাকমেইল করে কিশোরীকে ধর্ষণ : যুবককে পুলিশে দিলো গ্রামবাসী

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটায় মোবাইলে ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল করে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৪) নামে এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মায়ের দায়ের করা মামলায় শনিবার (৪ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক মোস্তাফিজ দেবহাটা উপজেলার চরশ্রীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার (৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সে বাড়ির পাশে চরশ্রীপুর গ্রামে মোস্তাফিজের মুদি ও চায়ের দোকানে খাবার কিনতে যায়। এসময় আশপাশে কেউ না থাকার সুযোগে মোস্তাফিজ ওই কিশোরীকে দোকানের ভেতরে ডেকে নিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। কিশোরী রাজি না হলে তাকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে মোস্তাফিজের পাশবিকতায় কিশোরীর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং মোস্তাফিজকে দোকানের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দেবহাটা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ওই কিশোরীর মা জানান, মোস্তাফিজ তার মেয়েকে ফুসলিয়ে ও বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করেছে। বিষয়টি কাউকে না বলার জন্য সে কিশোরীকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এমনকি ধর্ষণের ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে তা দিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা রেকর্ড ও আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণ ও ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



