জাতীয় সংবাদ

ছেলের নামে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন শহীদ আবু সাঈদের মা

প্রবাহ রিপোর্ট ঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবেগঘন পরিবেশে ‘শহিদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহিদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বড় ভাই রমজান আলী ও বকুল মিয়া উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আবু সাঈদকে ‘জাতীয় বীর’ আখ্যায়িত করে বলেন, ২৪-এর জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি এবং এই বিপ্লবের চেতনাকে আমাদের মাঝে আজীবন অম্লান রাখতে হবে। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসে ‘আবু সাঈদ গেট’ নির্মাণের দরপত্র আহ্বান করা হয়েছে। এ ছাড়া চলমান মেগা প্রজেক্টের অধীনে নির্মিতব্য ৪টি হলের একটির নামকরণ করা হবে ‘শহিদ আবু সাঈদ হল’। উদ্বোধনী ম্যাচে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং মার্কেটিং বিভাগ অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, এবারের টুর্নামেন্টে ছেলেদের ২২টি এবং মেয়েদের ৪টি দল অংশ নিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button