পল্লবীতে কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও ৫ সদস্য গ্রেপ্তার

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপের’ আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। এ নিয়ে গত ১৭ জুন, ৪ জুলাই এবং সর্বশেষ অভিযানে একই গ্রুপের মোট ১০ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। সোমবার (৬ জুলাই) র্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন-মো. রজ্জব হোসেন (২৩), মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসান (৩০), আলফাজ আহমেদ আসু (২২), সোহেল রানা (৩৯) এবং মো. শাহা পরান (২৩)। র্যাব জানায়, রোববার (৫ জুলাই) রাতে পল্লবী থানার এভিনিউ-৫ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাবের ভাষ্য, সম্প্রতি মিরপুর ও পল্লবী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্তে র্যাব-৪ ছায়াতদন্ত শুরু করে। তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রুপটির সক্রিয় সদস্যদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত ১৭ জুন ও ৪ জুলাই একই গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তারের মাধ্যমে মোট ১০ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে র্যাব। অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে পল্লবী থানার একটি এবং আলফাজ আহমেদ আসুর বিরুদ্ধে আরেকটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এছাড়া মেহেদী হাসান ওরফে টুন্ডা হাসানের বিরুদ্ধে পল্লবী ও কাফরুল থানায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রাজধানীতে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনী।



