পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে বড় রদবদল : নিউইয়র্ক-দিল্লি-লন্ডনে নতুন নিয়োগ

প্রবাহ রিপোর্ট ঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন পররাষ্ট্রসচিব নিয়োগের পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, নয়াদিল্লি ও লন্ডনে হাইকমিশনার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নতুন নিয়োগ দেওয়া হচ্ছে। সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী সালাহউদ্দীন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্রসচিব করা হচ্ছে। তিনি বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে আসাদ আলম সিয়ামকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। এদিকে জাতিসংঘের মানবাধিকার পরিষদের বিশেষ র্যাপোর্টিয়ার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই তিনি দায়িত্ব গ্রহণ করতে পারেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। বর্তমানে ভারতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর জেনেভায় বর্তমান স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে ঢাকায় ফিরিয়ে এনে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর করা হতে পারে। এ ছাড়া গত মার্চ থেকে শূন্য থাকা লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে ফরেন সার্ভিস একাডেমির বর্তমান রেক্টর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি পদেও নতুন নিয়োগের প্রস্তুতি চলছে।
এসব নিয়োগ পরস্পর সংশ্লিষ্ট হওয়ায় একযোগে কার্যকর করা হবে। বিশেষ করে নিউইয়র্কে আইরিন খানের দায়িত্ব গ্রহণের সময়সূচীর সঙ্গে অন্য পদায়নগুলোর কার্যকারিতা সমন্বয় করা হতে পারে।
