হাজতে অসুস্থ আসামিকে ঘিরে থানায় হামলা : আহত ১২

প্রবাহ রিপোর্ট ঃ বরিশালের আগৈলঝাড়া থানার হাজতে থাকা এক আসামিকে ঘিরে ছড়িয়ে পড়া গুজবকে কেন্দ্র করে থানায় হামলা ও পুলিশ-জনতার সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন পুলিশ সদস্য রয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের বাসিন্দা রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, থানার হাজতে থাকা অবস্থায় তিনি নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে রাতেই তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে রিয়াজের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে তার স্বজন ও স্থানীয় বাসিন্দাদের একটি দল থানায় গিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ ঘটনায় ডিউটি অফিসার এসআই আবদুল হালিমসহ ছয় পুলিশ সদস্য আহত হন। অপরদিকে রিয়াজের মা নাছরিন বেগম, বোন শারমিন আক্তারসহ আরও কয়েকজন আহত হন। রিয়াজের বাবা সিদ্দিক ফকির ও মা নাছরিন বেগমের অভিযোগ, গ্রেপ্তারের পর তাদের ছেলেকে মারধর করা হয়েছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, চুরির মামলায় গ্রেপ্তারের পর হাজতে রিয়াজ নিজেই নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে রিয়াজের স্বজন ও স্থানীয় কিছু লোক পরিকল্পিতভাবে থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করেছেন। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে আগৈলঝাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


