জাতীয় সংবাদ

সরাসরি সড়ক পথে যুক্ত হলো উত্তর কোরিয়া ও রাশিয়া

# তুমান নদীর ওপর মৈত্রী সেতু উদ্বোধন #

প্রবাহ রিপোর্ট ঃ উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সরাসরি যোগাযোগ বাড়াতে আজ (৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে তুমান নদীর ওপর নির্মিত প্রথম সড়ক সেতুটি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘টিএএসএস’ এই তথ্য নিশ্চিত করেছে। দুই দেশই এই সেতুটিকে তাদের কৌশলগত অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে। এই সেতুটি ১৯৫৯ সালে কোরীয় যুদ্ধের পর নির্মিত বর্তমান রেল সেতু ‘ফ্রেন্ডশিপ ব্রিজ’-এর ঠিক পাশেই অবস্থিত। মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে আগে থেকেই সরাসরি বিমান ও রেল যোগাযোগ থাকলেও, দুই দেশের মধ্যে সড়ক পথে চলাচলের জন্য এটিই প্রথম বড় অবকাঠামো। সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, এই সেতুটি পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন যে, আন্তঃসীমান্ত পরিবহন ব্যবস্থার এই সম্প্রসারণ বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্রে এক শক্তিশালী গতি সঞ্চার করবে। দীর্ঘ কয়েক বছর ধরে আলোচনার পর ২০২৪ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের সময় এই সেতু নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। সেই চুক্তি অনুযায়ী গত বছরের এপ্রিলে এর নির্মাণকাজ শুরু হয়েছিল। উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ২০২৪ সালে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে কয়েক হাজার সেনা পাঠিয়ে পিয়ংইয়ং তাদের সামরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। এই সড়ক সেতুটি সেই বন্ধুত্বেরই একটি নতুন প্রতিফলন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button