জাতীয় সংবাদ

বাংলাদেশের গরুর মাংস পছন্দ বলে সমালোচনার মুখে বিশ্বজিৎ

প্রবাহ রিপোর্ট ঃ টালিউডের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর এক মন্তব্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে সমালোচনার ঝড়। এমনিতেই চলতি বছরের দুর্গাপূজা ঘিরে চর্চা তুঙ্গে। তার ওপর অভিনেতাকে ডিম ছোড়ার হুমকি। দুর্গাপূজায় ঘিরে আমিষ খাওয়া হবে না নিরামিষ, তা নিয়ে নানা মুনির নানা মত। আর বাঙালি নিজেরাও সেই বিতর্কে সামিল হয়েছেন। এমনকি এতে নাম জড়িয়েছে বঙ্গ বিজেপির বেশ কিছু নেতারও। তারই মাঝে সামাজিক মাধ্যমে বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তার মুখে গরুর মাংস খাওয়ার কথা রয়েছে। আর তা নিয়েই ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা। এ মুহূর্তে শুটিংয়ের কারণে এ বর্ষীয়ান অভিনেতা বাংলাদেশে অবস্থান করছেন। আর সেখানেই গণমাধ্যমের মুখোমুখি তিনি। স্বাভাবিকভাবেই বিশ্বজিৎকে জিজ্ঞাসা করা হয়Ñ আমাদের দেশের কোন জিনিসটি তার সবচেয়ে ভালো লাগে। আর তাতে বিশ্বজিৎ ভূয়সী প্রশংসা করেন এখানকার মানুষ, তাদের আতিথেয়তা এবং খাবারের কথা। বিশ্বজিতের মুখে খাবারের প্রশংসা শুনে সাংবাদিক জানতে চান, বাংলাদেশের কোন খাবার তার সবচেয়ে পছন্দের? এমন প্রশ্নের উত্তরে এ বর্ষীয়ান অভিনেতা বলেন, গরুর মাংস এবং ইলিশ মাছ তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে। ইতোমধ্যে খাওয়া হয়েছে কিনা জানতে চাইলে বিশ্বনাথ বলেন, তিনি সদ্য পা রেখেছেন। দুপুরে মাংস ভাত খেয়েছেন, আর রাতে যাবেন গরুর মাংস খেতে। ওই ভিডিওই এখন সামাজিক মাধ্যমে তুমুল বিতর্ক তৈরি করেছে। অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীর বক্তব্যের সমালোচনা করে সামাজিক মাধ্যমের এক নেটিজেন বলেছেনÑ ‘কথিত বুদ্ধিজীবী হিন্দুরা আসলে নিজেদের খুব কুল ভাবে এসব বলে। শুনলে আশ্চর্য লাগে।’ আরেক নেটিজেন বলেছেনÑ ‘এবার কলকাতায় ফিরলে পাবলিক আপনাকে ডিম খাওয়াবে।’ অন্য আরেক নেটিজেন বলেছেনÑ ‘একে ঢাকাতেই পাকাপাকিভাবে রেখে দেওয়া হোক।’ তবে আরেক দল আবার বিশ্বজিতের পক্ষ নিয়েছেন। এক নেটিজেন লিখেছেনÑ ‘এখানে যারা বিরোধিতায় সরব, তারা অনেকেই খেয়েছেন। কিন্তু এটা তাদের মুখোশ। মানুষ কী খাবে সেটি তার নিজস্ব রুচির বিষয়। এর আগে সুদীপা চট্টোপাধ্যায় তার ইউটিউব চ্যানেলে বাংলাদেশের রান্না সিরিজে গরুর মাংস রান্না দেখিয়েছিলেন। সেই সময় বড় বিতর্কের মুখে পড়তে হয় তাকে। ২০২৪ সালের ঘটনা। সেই স্মৃতিকেই যেন নতুন করে উসকে দিল বিশ্বজিৎ চক্রবর্তীর এ মন্তব্য। উল্লেখ্য, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন ও নাট্যজগতের একজন অত্যন্ত পরিচিত মুখ বিশ্বজিৎ চক্রবর্তী। ১৯৯৩ সালে অশোক বিশ্বনাথন পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। ভূতের ভবিষ্যৎ, বাই বাই ব্যাংকক, মিশর রহস্য, জাতিস্মর, রাজকাহিনির মতো সিনেমায় কাজ করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। বর্তমানে ও মোর দরদিয়া, তারে ধরি ধরি মনে করি, জোয়ার ভাঁটাতে দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button