ভোলার গ্যাস মূল ভূখ-ে আনতে লাগবে সাত বছর : প্রধানমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ ভোলায় থাকা গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখ-ে আনতে অন্তত সাত বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণে ভোলাতেই শিল্প-কারখানা স্থাপন করে গ্যাস ব্যবহারের পরিকল্পনা করছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সুলতানা আহমেদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখ-ে নিতে চাইলে সেই পরিকল্পনা বাস্তবায়নে অন্তত সাত বছর সময় লাগবে। তাই ভোলায় শিল্প-কারখানা স্থাপন করা যায় কি না, সে বিষয়ে সরকার চিন্তা করছে। তিনি বলেন, ইতিমধ্যে কয়েকজন শিল্প উদ্যোক্তা ভোলায় শিল্প স্থাপনের চেষ্টা করছেন। এসব শিল্প গ্যাসের মাধ্যমে পরিচালিত হলে সেখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ভোলার অর্থনীতির আকারও বাড়বে। প্রধানমন্ত্রী বলেন, এর বাইরে দেশের ও দেশের মানুষের স্বার্থে ভোলার গ্যাস সঠিকভাবে ব্যবহারের জন্য সরকার সেখানে একটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। একই সঙ্গে পাঁচশ মেগাওয়াটের আরও একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।



