পুলিশের মতো দুজনকে দেখে দৌড় দেন দীপরা : পিবিআই

প্রবাহ রিপোর্ট ঃ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নতুন তথ্য দিয়েছেন তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপ। দীপের দাবি, ঘটনাস্থলে পুলিশের মতো দেখতে দুজনকে দেখে তারা দৌড় দেন। তবে ওই দুজন আসলেই পুলিশ সদস্য ছিলেন কি না, তা যাচাই করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (৩০ অক্টোবর) পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, তাহসিফ যেদিন রাতে নিখোঁজ হন, সেদিন তার সঙ্গে বন্ধু দীপ ছিলেন। দীপকে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করছে পিবিআই। তার দেওয়া সব তথ্য বিশ্বাস না করে প্রতিটি বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন তারা। দীপের দেওয়া তথ্যের বরাত দিয়ে এনায়েত হোসেন মান্নান বলেন, দীপ জানিয়েছেন, সেখানে পুলিশের মতো দেখতে দুজন ছিলেন। তাদের দেখে তারা দৌড় দেন। এখন ওই দুজন কারা, তা যাচাই করে দেখা হবে। আদৌ তারা কোনো পুলিশ সদস্য ছিলেন কি না, ইউনিফর্ম পরা পুলিশ ছিল কি না কিংবা কারও দায়িত্ব ছিল কি না, এসব বিষয় খতিয়ে দেখা হবে। পিবিআইয়ের এই কর্মকর্তা বলেন, দীপ আগের দিন তাদের জানিয়েছিলেন, রাত ১২টার দিকে হাউস বিল্ডিং এলাকা থেকে তাহসিফের সঙ্গে আলাদা হয়ে তারা দুজন দুই দিকে চলে যান। এরপর থেকে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। তাহলে রাত ২টার দিকে তারা কেন ওই এলাকায় এসেছিলেন এবং গভীর রাতে মোটরসাইকেল নিয়ে সেখানে যাওয়ার কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে এটি তাহসিফের মৃত্যুর ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মোটরসাইকেলটির কাগজপত্র যাচাই করা হচ্ছে। এনায়েত হোসেন মান্নান বলেন, তাহসিফের মৃত্যুর ঘটনায় ছায়া তদন্তের অংশ হিসেবে পিবিআই বিভিন্ন তথ্য সংগ্রহ করছে। যাচাই না করে কোনো তথ্য প্রকাশ করলে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই প্রতিটি তথ্য নিশ্চিত হওয়ার পরই তা জানানো হবে।



