ঐক্যের আগে জনগণের প্রতিশ্রুতি পূরণ করতে হবে: আখতার হোসেন

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, ঐক্যের কথা বলতে হলে আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। জুলাই সনদ ও জনগণের রায় বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগের বিচার ছাড়া দেশে সন্ত্রাস বন্ধের কোনো উপায় নেই। জনগণের নিরাপত্তা দিতে না পারলে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ক্ষমতায় থাকার অধিকার নেই। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে খুলনার ডাকবাংলা চত্বরে এনসিপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
আখতার হোসেন বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো আশ্রয় হবে না। জুলাই গণঅভ্যুত্থানের গণরায় সরকারকে বাস্তবায়ন করতে হবে। আওয়ামী লীগ ১৭ বছর ধরে রাজধানী থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, খুন, গুম ও দখলদারি চালিয়েছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের নির্যাতনের শিকার হয়েছেন। এসব অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গণশুনানি শুধু জেলা পর্যায়ে সীমাবদ্ধ না রেখে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও আয়োজন করতে হবে।
তিনি আরও বলেন, নির্যাতিত মানুষের বক্তব্য শোনার সুযোগ নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ বর্তমানে নাশকতা ও সহিংসতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদে হামলা করছে। আয়নাঘরে মানুষকে বন্দি করা এবং ভোটাধিকার হরণের মতো অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। জুলাই অভ্যুত্থানে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা ও হাজার হাজার মানুষকে পঙ্গু করার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির সদস্য সচিব বলেন, দিনের বেলায়ও মানুষ চলাচল করতে ভয় পাচ্ছে। ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া, তুলে নেওয়া, গুম ও খুনের ঘটনা ঘটছে। খুলনার মানুষ এসবের প্রতিকার চায়। দেশে আর কোনো রাজনৈতিক হত্যাকা- কিংবা পুলিশ ও প্রশাসনের ওপর হামলা দেখতে চান না তাঁরা। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আখতার হোসেন বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তবে সেই সম্পর্ক হতে হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে, প্রভু-ভৃত্যের সম্পর্ক নয়। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশে নাশকতার সুযোগ দেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ ঐক্যবদ্ধ। দেশের এক ইঞ্চি জমিও অন্য কাউকে দখল করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ফ্যাসিবাদ, দখলদারত্ব ও দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চায় এনসিপি। যেখানে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করতে পারবেন। এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহম্মদ হামীম রাহাতের সভাপতিত্বে সমাবেশে ডা. আব্দুল্লাহ চৌধুরী সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসুম ও আরিফ আবিদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরীন ইরা এবং কেন্দ্রীয় যুব ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান।



