খেলাধুলা

সাকিবের বিবর্ণ দিনে মিতব্যয়ী শরিফুল

স্পোর্টস ডেস্ক : ওয়াইড দিয়ে শুরুর পর দারুণভাবে ঘুরে দাঁড়ালেন শরিফুল ইসলাম। মিতব্যয়ী বোলিংয়ে একটি মেডেন ওভারের পর নিলেন একটি উইকেট। বাঁহাতি পেসারের চমৎকার বোলিংয়ের দিন উইকেটশূন্য থাকলেন সাকিব আল হাসান। পরে ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি অভিজ্ঞ এই বাঁহাতি অলরাউন্ডার। গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় শুক্রবার মন্ট্রিয়েল টাইগার্সের বিপক্ষে পুরোপুরি বিপরীত দিন কাটে বাংলাদেশের দুই ক্রিকেটারের। বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে এক মেডেনসহ ৪ ওভারে মাত্র ১৬ রানে ১ উইকেট নেন শরিফুল। পরে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে এক ছক্কায় ৪ বলে করেন ৮ রান। আর ৩০ রান দিয়ে উইকেটশূন্য থাকার পর ব্যাট হাতে ৬ বলে ৩ রান করেন সাকিব। কানাডায় যাওয়ার আগে লঙ্কা প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচের দুটিতে খরুচে বোলিং করেন শরিফুল। বৃষ্টিতে ৭ ওভারে নেমে আসা সবশেষ ম্যাচে তাকে বোলিং দেয়নি ক্যান্ডি ফ্যালকনস। বাকি ম্যাচে আর একাদশে সুযোগ পাননি ২৩ বছর বয়সী পেসার। শ্রীলঙ্কায় কাটানো ওই খারাপ সময় পেরিয়ে এবার কানাডার শুরুটা বেশ ভালো করলেন তিনি। তবে ব্যর্থতার বৃত্তে আটকা রইলেন সাকিব। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলা চার ম্যাচে মাত্র ১ উইকেট পান তিনি। সবশেষ দুই ম্যাচে ছুঁতে পারেননি দুই অঙ্ক। সেই ধারা আরেকটু লম্বা করে আরও একবার উইকেটশূন্য থাকার পর দশ রানের আগেই আউট হলেন ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। সাকিব-শরিফুলদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মন্ট্রিয়েলের স্কোয়াডে আছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে ভিসা জটিলায় এখনও কানাডায় যেতে পারেননি পেস বোলিং অলরাউন্ডার। ব্র্যাম্পটনে টস জিতে ফিল্ডিং নেন বাংলা টাইগার্স অধিনায়ক সাকিব। নতুন বল তিনি তুলে দেন শরিফুলের হাতে। ওয়াইড দিয়ে ইনিংস শুরু করেন তরুণ বাঁহাতি পেসার। গুছিয়ে নেন দ্রুতই। ওভারে আর মাত্র ২ রান দেন তিনি। তার পরের ওভার থেকে কোনো রান নিতে পারেননি পরে ঝড় তোলা অ্যাশটন অ্যাগার। ১৫তম ওভারে আক্রমণে ফেরানো হয় শরিফুলকে। দুটি চার হজম করে ১১ রান দেন তিনি। পরে ১৯তম ওভারে স্পেলের শেষ ওভার করতে এসে তার খরচ মাত্র ২ রান। ওভারের তৃতীয় বলে তিনি ফিরিয়ে দেন ২২ বলে ৪০ রান করা বেন মানেন্তিকে। এদিন চতুর্থ ওভারে প্রথম বোলিংয়ে আসেন সাকিব। প্রথম তিন বল ডট করলেও চতুর্থ বলে বাউন্ডারি মারে টিম সাইফার্ট। পরের ওভারে দুই চারের সঙ্গে তার বল একটি ছক্কায় ওড়ান অ্যাগার। ১২তম ওভারে ফের আক্রমণে আসেন বাংলা টাইগার্স অধিনায়ক। এবার মাত্র ৩ রান খরচ করেন তিনি। সাকিবের শেষ ওভারে দিলপ্রিত বাজওয়ার একটি বাউন্ডারিসহ ৮ রান নেয় মন্ট্রিয়েল। টানা চতুর্থ ম্যাচ উইকেটশূন্য কাটে সাকিবের। সবশেষ দশটি কুড়ি ওভারের ম্যাচে তার উইকেট মাত্র চারটি। শরিফুলের মিতব্যয়ী বোলিংয়ের পরও অ্যাগার, সাইফার্ট, বাজওয়া ও মানেন্তির চল্লিশ ছোঁয়া ইনিংসে ৬ উইকেটে ১৮৯ রান করে মন্ট্রিয়েল। রান তাড়ায় হযরতউল্লাহ জাজাই চতুর্থ ওভারে ড্রেসিং রুমে ফিরলে তিন নম্বরে নামেন সাকিব। বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। সপ্তম ওভারে আয়ান আফজাল খানের বলে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ অলরাউন্ডার। অধিনায়কের ব্যর্থতার দিনে ৩৩ রানে হারে বাংলা টাইগার্স। বড় লক্ষ্য তাড়ায় থামে ৮ উইকেটে ১৫৬ রানে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button