এবার দেশের ক্রিকেটে আসছে ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ নিয়ম

স্পোর্টস ডেস্ক : বিশে^র বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এমন কিছু নিয়মের দেখা মেলে, যা সাধারণত আন্তর্জাতিক ক্রিকেটে নেই। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশ এবং ভারতীয় লিগ আইপিএলে ১১ জনের বাইরে বাড়তি ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ খেলানোর নিয়ম রয়েছে। সেই নিয়মটাই প্রথমবার বাংলাদেশে প্রয়োগ করা হবে। যা দেখা যাবে আগামী বৃহস্পতিবার মাঠে গড়াতে যাওয়া অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬-এ। আগামী শনিবার থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ^কাপ। নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতের বাইরে খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ^কাপে যুক্ত করেছে আইসিসি। ফলে ওই সময়ে দেশের ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে বিসিবি নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে। দেশের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটাররা অংশ নেবেন সেখানে। তিন দলের অংশগ্রহণে হবে বিসিবির এই টুর্নামেন্ট। যেখানে ধুমকেতু একাদশের নেতৃত্ব দেবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বার একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং দুরন্ত একাদশের নেতৃত্বে থাকবেন আকবর আলি। এই প্রতিযোগিতায় খেলোয়াড়দের পারিশ্রমিক ও পুরস্কার মিলিয়ে সর্বমোট বরাদ্দ ২ কোটি ৫০ লাখ টাকা। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম, যা ম্যাচের কৌশল ও পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে বিসিবি। এই নিয়ম অনুসারে ফিল্ডিংয়ের সময় একজন বোলার অথবা ব্যাটিংয়ে একজন বাড়তি ব্যাটার ব্যবহার করতে পারবে দলগুলো। অর্থাৎ, ব্যাটিং ইনিংসে ছিলেন এমন ক্রিকেটারের বদলে পরের ইনিংসে একজন বোলার একাদশে যুক্ত হবেন। টি-টোয়েন্টি কাপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন গ্যালারির জন্য ১০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের ২০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ১,০০০ টাকা।



