খেলাধুলা

ভারত ম্যাচের আগে যে বার্তা দিলেন সালমান আগা

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে সপ্তাহখানেক ধরে সরগরম ছিল ক্রিকেট অঙ্গন। এবার দুই দল আলোচনায় তাদের মুখোমুখি লড়াই নিয়ে। বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে আজ রোববার কলম্বোর আর প্রেমাদাসায় চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলবে পাকিস্তান। তার আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ‘ক্রিকেট চেতনার’ বার্তা দিয়ে ভালো ক্রিকেট খেলার প্রতিশ্রুতি দিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। এক যুগেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয় না। বৈশি^ক ইভেন্টে দুই দলের মুখোমুখি লড়াই আয়োজন করে ভক্ত-সমর্থকদের মনে উৎসবের আবহ এনে দেয় আইসিসি। কালকের ম্যাচ ঘিরে চলছে উত্তেজনা, তবে মাঠের বাইরের ঘটনা আলোচিত হচ্ছে বেশি। সালমান ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোনো ট্যাকটিকস নিয়ে কথা বলেননি। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকে বিশুদ্ধতম রূপে ফেরানোর আকাক্সক্ষা প্রকাশ করেছেন তিনি। ক্রিকেটের ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে দুই দলকে আহ্বান করলেন সালমান, ‘ভালো চেতনা নিয়ে খেলাটা খেলা উচিত। আমি কি বিশ^াস করি সেটা কোনো ব্যাপার না। শুরু থেকে যে চেতনা নিয়ে এই ম্যাচ খেলা হচ্ছিল, সেই চেতনা নিয়ে খেলা উচিত।’ প্রেস কনফারেন্সে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতীয় খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলে তিনি করবেন কি না। উত্তরে হ্যাঁ কিংবা না কিছুই বলেননি। সবার কৌতূহল বাড়িয়ে তিনি বললেন, ‘আমরা কাল এটা দেখব।’ বৈশি^ক ইভেন্টে ভারতীয় দলই সবসময় পাকিস্তানের ওপর দাপট দেখায়। এবার কি তাদের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এমন প্রশ্নে পাকিস্তান অধিনায়ক বললেন, ‘অতীতের রেকর্ডে কিছু যায় আসে না। এটা নতুন একটি দিন হচ্ছে। আপনি ইতিহাস বদলাতে পারবেন না কিন্তু আমরা ভালো পারফর্ম করে এবার জিততে পারি।’ পাকিস্তান ইতোমধ্যে শ্রীলঙ্কায় দুটি ম্যাচ খেলে ফেলেছে। কন্ডিশন এখন তাদের আয়ত্তে, ভারতের বিপক্ষে এটি তাদের সুবিধা দেবে কি না জানতে চাইলে সালমান বললেন, ‘আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। পিচ সম্পর্কে আমরা জানি। এটা আমাদের জন্য সুবিধা দিলে ভালোই হবে। আমাদের ৪০ ওভার ভালো ক্রিকেট খেলতে হবে।’ দলের স্পিনার উসমান তারিকের ‘চাকিংয়ের’ অভিযোগ নিয়ে অধিনায়ক বললেন, ‘উসমান আইসিসির কাছ থেকে দুইবার বৈধ অ্যাকশনের রায় পেয়েছে। আমি জানি না কেন তার অ্যাকশন নিয়ে এখনো কথা ওঠে। অবশ্য সে এসব কথাবার্তাকে পাত্তা দেয় না।’ তাকে পাকিস্তানের ট্রাম্পকার্ড বলা হলেও সালমানের কথা ভিন্ন, ‘আমাদের জন্য প্রত্যেক খেলোয়াড় সমান। আপনারাই উসমান তারিককে বড় করে তুলে ধরেছেন। সে ভালো বল করছে। আমাদের ট্রাম্পকার্ড সে।’ ফর্মে না থাকায় বাবর আজম সমালোচিত হচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনি ফর্মে ফেরার ইঙ্গিত দেন। তাকে নিয়ে সালমান বললেন, ‘বাবর আজমকে নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই। সে আমাদের জন্য রান করে যাচ্ছে। আশা করি কালও সে রান করবে এবং আমরা উপকৃত হবো। আমরা ব্যাটিং পজিশনে বেশি পরিবর্তন আনতে চাই না।’ টসের গুরুত্ব প্রসঙ্গে তার কথা, ‘টস খেলা নির্ধারণ করতে পারে না। ভালো ক্রিকেট খেললে জেতা যাবে। ক্রিকেটই আসল ব্যাপার, টস নয়।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button