খেলাধুলা

২৩ ফেব্রুয়ারি থেকে বিসিএল, চার জোনের নেতৃত্বে মিরাজ-শান্তরা

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট লিগ শুরু হচ্ছে ২৩ ফেব্রুয়ারি। টুর্নামেন্টকে সামনে রেখে গত রোববার চার জোনের অধিনায়ক ও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরোয়া ক্রিকেটের অন্যতম প্রতিযোগিতায় এবার নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী ও মাহিদুল ইসলাম অঙ্কন।
দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। উত্তরাঞ্চলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত। পূর্বাঞ্চলের অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি এবং মধ্যাঞ্চলকে নেতৃত্ব দেবেন তরুণ উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
সূচি অনুযায়ী ২৩, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি তিন রাউন্ডের খেলা হবে বগুড়া ও রাজশাহীতে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
পূর্বাঞ্চলের দলে রয়েছেন পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, মমিনুল হক, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদসহ মোট ১৪ জন ক্রিকেটার।
উত্তরাঞ্চলে আছেন তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলামসহ ১৫ জন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দক্ষিণাঞ্চলে সৌম্য সরকার, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমানসহ ১৫ জনের দল। নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ।
মধ্যাঞ্চলে সাইফ হাসান, নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইবাদত হোসেনসহ ১৫ জন ক্রিকেটার। অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন।
তিন রাউন্ড শেষে শীর্ষ দুই দল নিয়ে ফাইনাল হওয়ার কারণে শুরু থেকেই প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। নির্বাচনী বিরতির পর এই টুর্নামেন্ট ঘরোয়া ক্রিকেটে নতুন গতি আনবে বলেই আশা করা হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button