বর্ণাঢ্য ক্যারিয়ারেও যে ব্যর্থতায় ‘গভীর অনুতপ্ত’ মেসি

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ তারকাখ্যাতি অনেক আগেই পেয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা বরং এখন সর্বকালের সেরা ফুটবলারদের তালিকার কত নম্বরে থাকবেন সেই আলোচনা চলছে। যার ক্যারিয়ার প্রাপ্তি আর বর্ণাঢ্য সব অর্জনে পরিপূর্ণ, তিনিও এখন পুরোনো সিদ্ধান্তের জন্য গভীর অনুতপ্ত। ইংরেজি না শেখা কিংবা সবার সঙ্গে যোগাযোগ করতে না পারার অক্ষমতা নিয়ে এমন আক্ষেপ প্রকাশ করেছেন মেসি। ইন্টার মায়ামির এই সুপারস্টার তরুণ বয়সেই কেন ইংরেজি শিখলেন না এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন। এমনকি যখন বিখ্যাত কোনো ব্যক্তিত্বের সঙ্গে দেখা হয়, তখন নিজেকে অর্ধ-মূর্খ বলে গণ্য করেন মেসি। অভাবনীয় ক্যারিয়ার থাকা সত্ত্বেও সবার সঙ্গে যোগাযোগ করতে না পারার অক্ষমতা তাকে কুঁড়ে কুঁড়ে খায়। সম্প্রতি ‘মিরো ডে আট্রাস’ নামে মেক্সিকান এক পডকাস্টে এই বিষয়ে কথা বলেছেন ২০২২ বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তে অধিনায়ক।
মেসি বলছেন, ‘আমি অনেক বিষয়ে আক্ষেপ আছে। তার একটি– কিশোর বয়সে কেন ইংরেজি শিখিনি। আমার অন্তত ইংরেজি পড়ার মতো সময় ছিল এবং আমি সেটি করিনি। সেজন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমার এমন পরিস্থিতির অভিজ্ঞতা হয়েছে, যেখানে অবিশ্বাস্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের সাক্ষাৎ হয়েছে কিন্তু আমি কথা বলতে পারিনি। তখন নিজেকে অর্ধ-মূর্খ মনে হতো। আমি সবসময়ই ভাবি– কি বোকা আমি এবং কীভাবে নিজের সময় নষ্ট করেছি।’ সন্তানরাও যাতে ভবিষ্যতে এভাবে আক্ষেপে না পোড়ে, তাই তাদের এখন থেকেই দিক-নির্দেশনা দেন ৩৮ বছর বয়সী এই ফুটবল আইকন, ‘যখন আপনি বয়সে তরুণ থাকবেন, তখন বুঝতে পারবেন না। আমি সেই কথাগুলো এখন সন্তানদের বলি, পর্যাপ্ত শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, শেখা এবং (ভবিষ্যতের) প্রস্তুতি নেওয়া। আমি সবসময়ই তাদের বলি প্রাপ্ত সুবিধা যেন ভালোভাবে কাজে লাগায়। তারা অবশ্য আমার চেয়ে ভিন্ন পরিস্থিতি পার করছে, যদিও আমারও কোনো কিছুর অভাব ছিল না।’ মাত্র ১৩ বছর বয়সে অবিশ্বাস্য ফুটবলপ্রতিভা নিয়ে আঁতুড়ঘর রোজারিও শহর ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান মেসি। তখন আর্জেন্টাইন ওই অঞ্চলে দুর্যোগ চলছিল। মেসি সেই কথা স্মরণ করলেন এভাবে, ‘ওই সময় (আর্জেন্টিনায় স্কুলে অধ্যয়নের শেষ বছর) দুর্যোগ চলছিল। আমি জানতাম বার্সেলোনার উদ্দেশে এই জায়গা ছেড়ে যাচ্ছি। সেখানকার লা মাসিয়ায় (বার্সেলোনা যুব একাডেমি) অন্যদের সঙ্গে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা শেষ করি।’



