ভিনির জন্য নাচলেন নেইমার

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ প্রতিশ্রুতি দিয়েছিলেন, গোল করলে উদযাপন হবে বিশেষ। কথা রেখেছেন নেইমার। আর সেই উদযাপনেই উঠে এসেছে বর্ণবাদের বিরুদ্ধে সংহতির বার্তা। ব্রাজিলিয়ান সিরি আ লিগে সান্তোস এফসিকে ২-১ গোলে জিতিয়েছেন নেইমার। ভাস্কো দা গামার বিপক্ষে ম্যাচে তিনি করেছেন জোড়া গোল। মাঠে তিনি ছিলেন ম্যাচের নায়ক। তবে সংখ্যার বাইরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার গোল উদযাপন। গোল করার পর নেইমার প্রথমে দর্শকদের উদ্দেশে ‘নীরব থাকো’ ইশারা করেন। এরপর কর্নার ফ্ল্যাগের পাশে দাঁড়িয়ে নাচেন। সেই নাচ ছিল ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি সমর্থন। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে ভিনিসিয়স যে নাচের উদযাপন করেছিলেন, নেইমার সেটিই অনুসরণ করেন। ঐ ম্যাচে ভিনিসিয়স অভিযোগ করেন, প্রতিপক্ষ খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্টিয়ানি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন। বিষয়টি বিশ্ব ফুটবলে বড় বিতর্ক তৈরি করে। পরবর্তী সময়ে দ্বিতীয় লেগেও গোল করে একই ভাবে উদযাপন করেন ভিনিসিয়ুস। ম্যাচ শেষে নিজের উদযাপনের ব্যাখ্যা দেন নেইমার। তিনি বলেন, নাচ মানে আনন্দ। কঠিন সময়ের পর চাপ ঝেড়ে ফেলার একটি উপায় এটি। একই সঙ্গে এটি ঐক্য এবং আত্মবিশ্বাসের প্রকাশ। নেইমার আরও জানান, এই নাচ ভিনিসিয়ুসের জন্যই। তিনি ভিনিসিয়ুসকে বলেছিলেন, অপমান ও বর্ণবাদের পরোয়া না করে, গোল করলে যেন একইভাবে উদযাপন করে। আর তিনি নিজেও কথা দিয়েছিলেন, গোল পেলে একইভাবে উদযাপন করবেন। ম্যাচ শেষে ব্রাজিলের ক্রীড়া চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘গত সপ্তাহেই লোকে বলছিল আমি নাকি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুটো গোল করলাম, আর ঠিক এটাই দরকার ছিল। আসলে ফুটবল এমনই। একদিন আপনি সবার চোখে খারাপ কিংবা অবসরে যাওয়ার যোগ্য, আবার পরের দিনই তারা বলবে আপনাকে বিশ্বকাপে খেলতেই হবে।’ নিজের বর্তমান অবস্থা নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি এবং সেরা ফর্মে ফেরার চেষ্টা করছি। এই বছর এটি ছিল আমার মাত্র তৃতীয় ম্যাচ এবং দ্বিতীয় বারের মতো পুরো ৯০ মিনিট মাঠে ছিলাম। শেষের দিকে পেশিতে কিছুটা টান লেগেছিল, তবে এগুলো খেলারই অংশ।’



