পিছিয়ে যেতে পারে নারীদের প্রিমিয়ার ক্রিকেট লিগ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ প্রথমবারের মতো মেয়েদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে পারে আগামী ৪ এপ্রিল। একই সময়ে শুরু হওয়ার কথা ছিল নারী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তবে ক্লাবগুলো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ছাড়া খেলতে রাজি না হওয়ায় লিগ নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। তাতে প্রিমিয়ার লিগের সূচি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি প্রিমিয়ার লিগে অংশ নিতে যাওয়া নয়টি ক্লাবকে নিয়ে বৈঠকে বসেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিগ আয়োজন নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি দুপক্ষ। ক্লাবগুলোকে জাতীয় দল ও আশপাশের ক্রিকেটার ছাড়া লিগ শুরু করতে বলা হয়। ক্লাবগুলো সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার পর্যন্ত সময় চেয়ে নেয়। তবে কাল পর্যন্ত ক্লাবগুলো বিসিবির সঙ্গে যোগাযোগ করেনি। একটি সূত্র জানিয়েছে, সুবিধামতো সময়ে বিসিবি প্রিমিয়ার লিগ আয়োজন করতে চায়। এরই মধ্যে সামনে আট বিভাগের অনূর্ধ্ব-১৮ জাতীয় লিগ আয়োজনের পরিকল্পনা রয়েছে মহিলা উইংয়ের। এছাড়া ১৪ মার্চ নারী বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হওয়ার কথা। তবে কারা এবার বিপিএলের ফ্র্যাঞ্জাইজি হচ্ছে সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি বিসিবি।



