টিকিটের চাহিদা তুঙ্গে, সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দিল ফিফা

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ ৩২ দলের ২০২২ ফুটবল বিশ্বকাপে ম্যাচ হয়েছিল ৬৪টি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ২০২৬ বিশ্বকাপে দল ও ম্যাচের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে যথাক্রমে ৪৮ ও ১০৪। ১৬টি দল ও ৪০টি ম্যাচ বাড়ায় ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ পরিচালনার জন্য রেকর্ড ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। গত আসরের চেয়ে এবার ৪১ জন বেশি অফিশিয়াল থাকছেন। আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ফিফার ৫০ সদস্য দেশের ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি ও ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দায়িত্বে থাকবেন। ২০২২ কাতার বিশ্বকাপের মতো এবারও থাকছেন ছয় নারী অফিশিয়াল। এদিকে বিশ্বকাপ নিয়ে উন্মাদনা তুঙ্গে। টিকিটের দাম পাল্লা দিয়ে বাড়ছে। ফিফা টিকিটের দাম বাড়িয়ে চলেছে। আরও দামি টিকিট বাজারে আনল তারা। যার একটির দাম ৪,১০৫ ডলার। এতদিন টিকিটের সর্বোচ্চ দাম ছিল ২,৭৩৫ ডলার। ফাইনালের টিকিটের দামও বেড়েছে। এর আগে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ছিল ৮,৬৮০ ডলার। ফিফা জানিয়েছে, ফাইনালের সবচেয়ে বেশি দামের টিকিট ১০,৯৯০ ডলার। ফাইনালের ক্যাটাগরি দুই এবং তিন বিভাগের সর্বোচ্চ মূল্যের টিকিটের দামও বাড়িয়েছে ফিফা। এবারই প্রথম বিশ্বকাপ খেলবে ৪৮ দেশ। ১২ গ্রুপে দেশগুলোকে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে চারটি করে দল।



