খেলাধুলা

শীর্ষ পাঁচ লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল যাদের

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ বুন্দেসলিগায় এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড নতুন করে গড়েছে বায়ার্ন মিউনিখ। মৌসুম শেষ হতে এখনো পাঁচ ম্যাচ বাকি থাকতেই তারা নিজেদের আগের রেকর্ড ভেঙে ফেলেছে। এখন তাদের সামনে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করার সুযোগ আছে, যদিও কাজটি সহজ নয়Ñশেষ পাঁচ ম্যাচে তাদের করতে হবে আরও ২১ গোল। জার্মান লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় পুরো আধিপত্যই বায়ার্নের। শীর্ষ সাতটি রেকর্ডই তাদের দখলে। সম্প্রতি সেন্ট পাউলির বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়ে তারা নতুন রেকর্ড গড়ে। ২৯ ম্যাচে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৫, যা আগের ১০১ গোলের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ১৯৭১-৭২ মৌসুমে বেকেনবাওয়ার ও জার্ড মুলারদের দলটি সেই পুরোনো রেকর্ড গড়েছিল। এ মৌসুমে বায়ার্নের হয়ে সর্বোচ্চ গোল করেছেন হ্যারি কেইন (৩১ গোল)। এছাড়া লুইস দিয়াজ (১৫) ও মাইকেল ওলিসে (১২) দুজনেই দুই অঙ্কের গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বাধিক গোলের রেকর্ড ম্যানচেস্টার সিটির। ২০১৭-১৮ মৌসুমে তারা ১০৬ গোল করে চেলসির আগের ১০৩ গোলের রেকর্ড ভেঙেছিল। ওই মৌসুমে সিটির হয়ে সর্বোচ্চ ২১ গোল করেছিলেন সের্হিও আগুয়েরো। স্পেনের লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড রিয়াল মাদ্রিদের। ২০১১-১২ মৌসুমে তারা ১২১ গোল করে নিজেদের পুরোনো রেকর্ড ভাঙে। সে মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো ৪৬ গোল করলেও সর্বোচ্চ গোলদাতা হননি, কারণ বার্সেলোনার লিওনেল মেসি করেছিলেন ৫০ গোল। ইতালির সিরি আ-তে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি অনেক পুরোনো। ১৯৪৭-৪৮ মৌসুমে তুরিনো ৪০ ম্যাচে ১২৫ গোল করেছিল, যা এখনো অটুট। ৩৮ ম্যাচের হিসেবে রেকর্ডটি এসি মিলানেরÑ১৯৪৯-৫০ মৌসুমে ১১৮ গোল। শীর্ষ দশের অধিকাংশই গত শতকের ৪০ ও ৫০-এর দশকের দলগুলোর দখলে। এর ব্যতিক্রম ২০১৯-২০ মৌসুমে আতালান্তার ৯৮ গোল, যা তাদের তালিকার নবম স্থানে রেখেছে। ফ্রান্সের লিগ আঁ-তে ২০১৬-১৭ মৌসুমে মোনাকো ১০৭ গোল করে রেকর্ড গড়েছিল। তবে পরের মৌসুমেই পিএসজি ১০৮ গোল করে সেটি ভেঙে দেয়। উল্লেখযোগ্য বিষয় হলো, দুই মৌসুমেই তরুণ কিলিয়ান এমবাপ্পে এই দুই দলের অংশ ছিলেন। পরে লিগে ম্যাচ সংখ্যা কমে ৩৪-এ নেমে আসার পর গত মৌসুমে পিএসজি ৯২ গোল করে নতুন করে শীর্ষ তালিকায় জায়গা করে নেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button