স্থানীয় সংবাদ

খুলনায় যে ২৪ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেহেদী মাসুদ খান ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৩ নভেম্বর খুলনা যাওয়ার কথা রয়েছে। এ নিয়ে খুলনাবাসীর মধ্যে দেখা দিয়েছে বাড়তি উত্তেজনা। দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের প্রহর গুণছেন তারা। এই খুলনার চিত্র বদলে দিতে ২৪টি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১৩ নভেম্বর দুপুরে নগরীর সার্কিট হাউজ মাঠে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই জনসভা থেকেই খুলনার ২৪টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি। খোঁজ নিয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর উদ্বোধনযোগ্য প্রকল্পের তালিকায় (প্রস্তাবিত) রয়েছে গণপূর্ত বিভাগের রয়েছে আটটি প্রকল্প। এগুলো হল-নগরীর সাউথ সেন্ট্রাল রোডে ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন নির্মাণ কাজ, শামসুর রহমান রোডে সিভিল সার্জনের অফিস ভবন ও বাসভবন, খুলনার পাইকগাছা উপজেলায় একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, শিক্ষানবিশ প্রশিক্ষণ দফতর সংস্কার ও আধুনিকায়ন, খুলনায় বিএসটিআই’র ১০ তলা আঞ্চলিক অফিস ভবন স্থাপন, ১০ তলা বিশিষ্ট নারী হোস্টেল ভবন নির্মাণ, পাইকগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ, নগরীর দৌলতপুরে কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের চার তলা ছাত্র হোস্টেল নির্মাণ কাজ। এছাড়াও সুন্দরবন পশ্চিম বন বিভাগের প্রকল্প রয়েছে একটি। তা হলো-সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত শেখেরটেক ইকোট্যুরিজম কেন্দ্র। শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রকল্প রয়েছে ১০টি। তা হল-ডুমুরিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পাঁচ তলা একাডেমিক ও চার তলা প্রশাসনিক ভবন নির্মাণ কাজ, বয়রা মাধ্যমিক বিদ্যালয়, খুলনা কলেজিয়েট স্কুল, সরকারি এল বি কে ডিগ্রি মহিলা কলেজ, সরকারি বঙ্গবন্ধু কলেজ, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদরাসা, নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিটিতে ছয় তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ। আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকল্প রয়েছে একটি। তা হচ্ছে-ডুমুরিয়া উপজেলার চরচরিয়া শিবনগর সড়কে ভদ্রা নদীর ওপর ৩১৫ দশমিক ৩০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ কাজ। উদ্বোধন প্রকল্পের তালিকায় রয়েছে-খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প এবং খুলনা শহরে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় খালিশপুর বিআইডিসি রোডে ড্রেন, ফুটপাথ নির্মাণসহ রাস্তা প্রশস্তকরণ ও পুননির্মাণ কাজ। কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকল্পের তালিকায় রয়েছে নগরীর দৌলতপুরে অতিরিক্ত পরিচালকের ছয় তলা বিশিষ্ট নবনির্মিত অফিস ভবন। এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপনযোগ্য প্রকল্পের তালিকায় রয়েছে দুটি। তা হল- খুলনা সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের আওতায় মাথাভাঙ্গা এলাকায় স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ কাজ। শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতাধীন দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজের পাঁচ তলা একাডেমিক ও চার তলা প্রশাসনিক ও ওয়ার্কসপ ভবন নির্মাণ কাজ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button