জাতীয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রবাহ রিপোর্ট ঃ ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন। এ সময় তিনি শিশু-কিশোরদের কাছে গিয়ে কুশল বিনিময় ও হাত মেলান। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে বসে খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। পাশাপাশি স্কুলশিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন প্রধানমন্ত্রী। জানা যায়, ‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগানকে ধারণ করে গত ২ মে শুরু হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা। এবারের আসরের প্রতিপাদ্য ছিল- ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা।’ গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়। এরপর দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ মোট আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীতে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button