স্থানীয় সংবাদ

রমজান উপলক্ষে খুলনায় ভোক্তার অভিযান

অভিযানে আগে দাম একরকম, অভিযানে পর আরেক রকম, অভিযানে টের পেয়ে খেজুর দোকানীর পলায়ন, লাগামহীন বাজার দরে ক্ষুব্ধ ক্রেতারা, অধিকাংশই দোকানে টানানো নেই মূল্য তালিকা

কামরুল হোসেন মনি ঃ আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। রোজাকে পুঁজি করে সব ধরনের নিত্যপণ্যের দাম বাড়িয়েছে কতিপয় অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেট চক্র। বিশেষ করে রোজায় ব্যবহৃত সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বাজার নিয়ন্ত্রণ রাখতে রোজার একদিন আগে গতকাল সোমবার দুপুর ৩টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক একটি টিম নগরীর নিউ মার্কেট সংলগ্ন কাচা বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময়ে ক্রয় রশিদ ও মুল্য তালিকা টানানো না থাকায় খুচরা কাচা বাজারের এক দোকানীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে রোজার শুরু হওয়ার আগেই বেড়েছে মাছ, মাংস, ডিম, কলা, খেজুর ও সব ধরনের সবজির দাম। বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্নবিত্ত মানুষ। তারা বলছেন, এভাবে দাম বাড়তে থাকলে শাক-সবজি খেয়েও রোজা রাখা দায় হয়ে পড়বে। গতকাল সোমবার নিউ মার্কেটে বাজার করতে আসা ক্রেতা যুবায়ের সাকিব বলেন, নিউ মার্কেট বাজারে তিনি দুপুর আড়াইটায় আসেন। ওই সময় তার কাছে এক বিক্রেতারা বেগুন কেজিতে দাম চায় ৬০ টাকা। অভিযানে আসার পর পরই ওই দোকানী অভিযানে আসা স্যারদের বলেন ৫০ টাকা। অর্থাৎ অভিযানে কয়েক মিনিটের মধ্যে বেগুনের দাম কেজিতে ১০ টাকা কমে গেলো। ক্রেতা যুবায়ের বলেন, একই বাজারের দাম একেক দোকানে একক রকম উল্লেখ করে বলেন, খেজুরের দোকানে খেজুর কিনতে যাই তখন মরিয়ম নামক খেজুরের দাম চেয়েছিলো এক হাজার টাকা, একই মানের খেজুর এর পাশের দোকানে দাম চাইছে এক হাজার ১শ’ টাকা। এছাড়া অন্য আরেকটা জাতের খেজুর ্এক দোকানী তার কাছে দুই হাজার টাকা, পাশের দোকানে ১ হাজার ৭শ. টাকা এবং তার পাশে দোকানদার ১ হাজার ৬শ’ টাকা চাইছে। তিনি বলেন, গত সপ্তাহে সাগর কলা একডজন কিনেছিলো ৭২ টাকা। সেই কলা আজ আমার কাছে চাচ্ছে ১২০-১৫০ টাকা। আলু দুই সপ্তাহ আগে কেজিতে দাম ছিলো ২৫ টাকা আজ সেই আলু দাম বিক্রেতারা দাম চাচ্ছেন ৩৫ টাকা। এমন কোন নিত্যপ্রয়োজনীয় পণ্যে নেই যার দাম বাড়েনি। এদিকে গতকাল সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক একটি টিম নগরীর নিউ মার্কেট সংলগ্ন কাচা বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময়ই অধিকাংশই দোকানে ছিলো না মূল্য তালিকা ও পাইকারি কাচা বাজারের পণ্যে কেনার পাকা রশিদ। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে দেন। এ সময় সোনাডাঙ্গা মডেল থানার একটি চৌকিস টিম উপস্থিত ছিলেন। অভিযানে কাচা বাজারের এক দোকানীর মুল্য তালিকা না টানানো ও পন্য ক্রয়ের পাকা রশিদ না থাকায় বিক্রেতা মো: আজগর আলীকে এক হাজার টাকা জরিমানা করেন। এ সময় খুচরা বিক্রেতারা অভিযোগ করে বলেন, নগরীর সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড সংলগ্ন পাইকারি কাচা বাজার আড়ৎদাররা পন্য ক্রয়ের পাকা রশিদ না দেওয়ার অভিযোগ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে আসা কর্মকর্তাদের কাছে। এই অভিযানে দেখেই অনেক দোকানীরা বন্ধ করে সটকে পড়েন। এর মধ্যে খেজুর বিক্রেতাকে অভিযান দেখেই দোকান বন্ধ করে চলে যেতে দেখা যায়। অথচ অভিযানের আগে ওই খেজুরের দোকান খোলা ছিলো। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ভোক্তাদের মাঝে সহনীয় পর্যায়ে রাখতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, এক খুচরা দোকানীর পণ্যের মুল্য তালিকা টানানো না থাকা এবং পন্য ক্রয়ের পাকা রশিদ না থাকায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। আজকে এসে সবাইকে সতর্ক করে দিয়েছি, পণ্য বিক্রির মুল্য তালিকা টানানো ও পন্য ক্রয়ের পাকা রশিদ সবার কাছে থাকা বাধ্যতামুলক করা হয়েছে। এটা আগেও ছিলো। পরবর্তীতে একই ভুল করলে আর ছাড় দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন। এক ক্রেতা বলেন, যেভাবে দাম বাড়ছে রমজানে ব্রয়লার মুরগি দাম ২১০-২৩০ টাকা হয়ে গেছে। কক ৩০০ টাকা, সোনালী ৩০০ টাকা, লেয়ার (লাল) ৩৩০-৩৪০ টাকা, লেয়ার (সাদা) ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে, আমাদের মতো মানুষের জীবন বাঁচানো কষ্ট হয়ে যাবে। তিনি বলেন, সরকারের কাছে আমাদের অনুরোধ কমপক্ষে রমজানে বাজার যেন কঠোরভাবে মনিটরিং করে। শুধু মাছ-মাংস নয়, পাল্লা দিয়ে বেড়ে চলছে সবজির দামও। গত সপ্তাহে তুলনায় প্রতিটি সবজিতে প্রকারভেদে দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) খুলনার সাধারন সম্পাদক নাজমুল হাসান ডেভিড বলেন, “দ্রব্যমুল্য নিয়ন্ত্রনের জন্য সরকার বাজারে অভিযান পরিচালনা করছে। ক্যাব ভোক্তা অধিকারের সাথে থাকে। কিন্তু এই অভিযান করে আসলে প্রকৃত সমাধান না। এখন ব্যবসায়ীদের সাথে বসা দরকার। আমদানি মুল্য, আনার খরচ, ভ্যাট, ট্যাক্স এগুলোর ভিত্তিতে সরকারের যে রেগুলেটারি কমিটি আছে তারা যদি বসে ব্যবসায়ীদের মুল্য ঠিক না করে দেয় তাহলে কাজ হবে না। সে জন্য দরকার প্রশাসনের নেতৃত্বে ব্যবসায়ীদের সাথে বসে ইমপোর্ট করে আনা বাবদ কত খরচ হয়েছে তা বসে ঠিক করে কতো মুল্য হওয়া উচিত, তা নির্ধারন করা। বাজারে এ ফাইন, সে ফাইন করে ফল খুব একটা ভাল হচ্ছে না। এটা হয়তো দুটো লোককে ফাইন করলো। তারা আবার এই ফাইন কিভাবে তুলবে সে চেষ্টা করবে । খুচরা ব্যবসায়ীদের অভিযান করে ফাইন করে এটা কোন সমাধান না৷ বরং আরো বিশৃংখলা সৃষ্টি হবে। তাহলে একটা প্যানিক সৃষ্টি হবে ব্যবসায়ীদের মাঝে।” এদিকে গত ১০ মার্চ আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খুলনা মহানগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকালে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছিলো। সভাপতির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অবৈধভাবে মজুদ করা যাবে না। সকল পণ্যের নির্ধারিত মূল্য তালিকা দোকানের নির্দিষ্ট স্থানে টানাতে হবে। কাঁচামাল ও শাকসবজির গাড়ি শহরে প্রবেশের সময় কোন রকম বাধাগ্রস্থ করা যাবে না। তিনি আরও বলেন, নির্ধারিত মূল্য তালিকার বাইরে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে তিনি সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
এবারের মাহে রমজানে সিটি কর্পোরেশন গরুর মাংস প্রতি কেজি ৭২৫ টাকা এবং খাশির গোস্ত প্রতি কেজি এক হাজার ৫০ টাকা নির্ধারণ করেছে। সভায় খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এ্যান্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন, খুলনা চেম্বার অব কমার্সের প্রতিনিধি, কেসিসি’র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, মহানগরের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিরা অংশ নেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button