ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সে রবীন্দ্রনাথে জন্ম বার্ষিকীতে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক

# রবীন্দ্রনাথের হাত ধরেই বাংলা সাহিত্য খূঁজে পায় এক নতুন রূপ #
ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিতান কুমার মন্ডল বলেছেন, বিশ্বসাহিত্যের সর্বকালের শ্রেষ্ঠ প্রতিভাদের একজন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে যার অবদান অসামান্য। তার হাত ধরেই বাংলা সাহিত্য পায় এক নতুন রূপ। ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও মননশীলতা দিয়ে বিশ্ব অঙ্গনে বিরল সম্মান অর্জন করেন তিনি। বাঙালির আত্মপরিচয়ের স্বরূপ সন্ধানে তিনি অতুলনীয় একজন। গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, গান, ছোটগল্প, চিত্রকর্মসহ সাহিত্যের সব শাখায় তিনি বিচরণ করেছেন। বাঙালির সুখ, দুঃখ, আনন্দ, বেদনার শিল্পরূপ রবীন্দ্রনাথের সৃষ্টিতে স্থান পেয়েছে। তিনি আরও বলেন, তার লেখা অনেক গান ও কবিতা আমাদের মুক্তিযুদ্ধে শক্তি জুগিয়েছে। তাইতো মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর রবীন্দ্রনাথের গানই বাংলাদেশের জাতীয় সংগীতের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে “রবীন্দ্রসাহিত্যে বহুমাত্রিকতা” বিষয়ের উপর আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল। শুভেচ্ছা বক্তৃতা করেন ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার শেষ দিন।



