দৌলতপুরে চেক জালিয়াতি মামলায় মজনু গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর দৌলতপুর পাবলা ৬নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. আমজাদ হোসেনের পুত্র ও আ’লীগ নেতা এস. এম ওয়াজেদ আলী মজনুকে চেক জালিয়াতির মামলায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় পাবলার বৈরাগীপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। পুলিশ জানান, গ্রেফতারকৃত মজনু এন.আই.অ্যাক্ট-১৩৮ ধারায় মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। যার নম্বর-সিআর ৫৪৯/২৩। শুক্রবার সকালে আসামী মজনুকে আদালতে প্রেরণ করা হয়। সংরক্ষিত কাউন্সিলর শাহিদা বেগম জানান, আ’লীগ নেতা মজনু এলাকায় একজন প্রতারক ও ভাইরাস হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে এলাকাবাসীর নানামুখি অভিযোগ রয়েছে। আমি একজন জনপ্রিয় কাউন্সিলর হিসাবে এই সংরক্ষিত আসনটি হতে বারবার নির্বাচিত হয়েছি। বিগত নির্বাচনে মজনু নির্বাচনে আমার বিরুদ্ধে নানামুখি ষড়যন্ত্র করেছিল, তার অত্যাচারে আমি থানায় সাধারন ডায়রীও করি। তার গ্রেফতারে এলাকাবাসী খুশি। ৬নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মোল্লা জানান, প্রতারণা মামলায় গ্রেফতারকৃত মজনু ৬নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাঃ সম্পাদক ও বর্তমান দৌলতপুর থানা আ’লীগে কার্যনির্বাহী কমিটির সদস্য। সে এলাকায় সর্বমহলে প্রতারক হিসাবে পরিচিত। সামাজিকভাবে একজন ঘৃনিত মানুষ। সে একের পর এক বিয়ে করে এলাকাবাসীর কাছে হাসির পাত্রে পরিনত হয়েছে। তার এসব কর্মকান্ডের কারণে দলের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে। জিআরও (দৌলতপুর কোর্ট) এসআই কামাল শেখ জানান, ওয়াজেদ আলী মজনুর বিরুদ্ধে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ (পিরোজপুর সদর ও কাউখালী) এন.আই.অ্যাক্ট-১৩৮ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হচ্ছে গ্রেফতারকৃত ওয়াজেদ আলী মজনু। ৬নং ওয়ার্ড আ’লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ কওসার আলী জানান, প্রতারক মজনু আ’লীগের নাম ভাঙ্গিয়ে নানাভাবে মানুষের সাথে প্রতারণা করে থাকে। তাকে গ্রেফতার করায় আ’লীগ নেতা-কর্মীরা খুশি বলে তিনি মন্তব্য করেন।



