জাতীয় সংবাদ

পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠক!

# শেখ হাসিনাকে ফেরানোর অপচেষ্টা #
আ.লীগ নেতাদের সঙ্গে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত : রিজভী
ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা : শামা ওবায়েদ
ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রবাহ রিপোর্ট : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খান বলেছেন, ভারত আওয়ামী লীগের দ-প্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। একই সঙ্গে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাশেদ খান লিখেছেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের চাঙা করতে ‘শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপল সীমান্তে নানক-নাছিমের বৈঠক’ শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ। আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী দ-প্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
তিনি আরো লিখেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়াসম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তবে ভারত তার এমন সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
রাশেদ খান লিখেছেন, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত আছে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে একটি অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা আছে। ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পুশ ইন করার সেই অপচেষ্টা অতীতের ন্যায় রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ করছি।
আ.লীগ নেতাদের সঙ্গে ভারতের ইমিগ্রেশন কর্মকর্তাদের বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত : অপরদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও শেখ হাসিনা বসে নেই; ক্ষমতার মোহে এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও পরিকল্পিত নাশকতা চালিয়ে যাচ্ছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ এ সমাবেশের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। কিন্তু পালিয়ে যাওয়ার পরও তার হিংসাত্মক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। গত ১৭ বছর ক্ষমতায় থাকতে তিনি যে নীতি প্রয়োগ করেছিলেন, এখনও তা-ই করে চলেছেন।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অস্থিতিশীলতার চিত্র তুলে ধরে বিএনপির এই শীর্ষ নেতা দাবি করেন, সাধারণ মানুষের গাড়ি, পোশাক কারখানা ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা কোটি কোটি টাকা থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠিয়ে দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীদের দিয়ে এসব সহিংসতা চালানো হচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং সম্পূর্ণ আইনি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই তা-ব মোকাবিলা করছে। অতীতে আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচার গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না—এটাই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার মূল তফাৎ।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশ আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের কথা বললেও সম্প্রতি ভারত সীমান্তে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে কীভাবে পালিয়ে যাওয়া নেতারা বৈঠক করেন? সে দেশের সরকারের সবুজ সংকেত ছাড়া সরকারি কর্তারা পলাতকদের সঙ্গে বৈঠক করতে পারেন না। এটি গভীর চক্রান্তের ইঙ্গিত।
সমাবেশে তিনি আরো হুশিয়ারি দেন যে, শিশু, কিশোর ও শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হত্যাকা- চালানো স্বৈরাচারের ঠাঁই বাংলাদেশের মাটিতে আর হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ধরনের চক্রান্ত নস্যাৎ করে দেবে।
এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, প্রকৌশলী এনায়েত হোসেন প্রমুখ।
ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা : এদিকে, ভারত থেকে বাংলাদেশে ফিরলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।’
ভারতের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই ভারত দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। তাকে এর পরিণতি ভোগ করতে হবে।’
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছিলেন। তবে বাংলাদেশ সরকার তার এসব আবেদন নাকচ করে দিয়েছে।
অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা। গত এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি তারা পর্যালোচনা করছে। তবে সর্বশেষ এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। চলতি মাসে দলটি শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছিল। এর অংশ হিসেবে গত ১৯ নভেম্বর দেশব্যাপী লকডাউন কর্মসূচিও পালন করা হয়।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের কয়েক ডজন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
চলমান এই সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া দলের’ টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন শামা ওবায়েদ। হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘ঢাকা নয়াদিল্লির সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যা বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ ক্ষুণ্ণ করবে না। বাংলাদেশের জন্য ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে।’
সাক্ষাৎকারে শামা ওবায়েদ রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের বিষয়েও কথা বলেন। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রতিবেশী মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ। ২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিমদের ওপর সংঘটিত হত্যাকা- ও ব্যাপক যৌন সহিংসতাকে রাষ্ট্রীয় মদদে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পর এ উদ্যোগ আরও জোরদার করেছে ঢাকা।
শামা ওবায়েদ বলেন, ‘এই রায় বাংলাদেশ এবং রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে নতুন শক্তি জোগাবে। রোহিঙ্গাদের অবশ্যই মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে।’
মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে। তাই মিয়ানমারকেই এর অবসান ঘটাতে হবে।’

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button