স্থানীয় সংবাদ

খুলনায় খুশি হত্যা মামলার অন্যতম আসামি রসূল গাজী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার লবণচরা থানার চাঞ্চল্যকর খুশি আক্তার হত্যা মামলার অন্যতম আসামি মো. রসূল গাজীকে (২৬) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বটিয়াঘাটা উপজেলার জাবুসা ইউনিয়নের চক্রাখালী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রসূল গাজী খুলনার রূপসা উপজেলার বাগমারা হাজীবাড়ি এলাকার আজাহার গাজীর ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি খুলনার বি কোম্পানির সক্রিয় সদস্য ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া লবণচরায় খুশি আক্তার হত্যা মামলার অন্যতম আসামি তিনি। এসআরবি-৬ সদর কোম্পানি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে চক্রাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর খুশি আক্তার (২৪) তার স্বামী সুমন সরদারের সঙ্গে লবণচরা থানার জিন্নাহপাড়া মেইন রোডের পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে রসূল গাজীসহ মামলার অন্য আসামিরা মোটরসাইকেলে এসে সুমন সরদারকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে খুশি আক্তার বাধা দিলে আসামিরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খুশি আক্তারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন হাসি খাতুন বাদী হয়ে লবণচরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর রসূল গাজীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button