দেশ ও কালের সঙ্গে রবীন্দ্রনাথের চিন্তা ছিল ঘনিষ্ঠভাবে সংযুক্ত

# ফুলতলার রবীন্দ্র কমপ্লেক্সে বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ #
ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ বলেছেন, সমগ্র বাঙালির জীবনে ২৫শে বৈশাখ শুধু স্মরনীয় দিবস নয়, আমাদের জীবনের মহত্তম আবেগকে আশ্রয় করে আছে এই দিনটি। ১২৬৮ বঙ্গাব্দের এই দিনটিতে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন। তারপর আশি বছর পর্যন্ত তিনি আবেগে, মননে, অনুভাবনায় বাঙালির জীবনকে সমৃদ্ধ করে গেছেন। তিনিই প্রথম বাঙালির ঘরে বহন করে আনলেন বিশ্ববিজয়ীর বরমাল্য ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার। পরাধীন ভারতবর্ষে এর চেয়ে বড় গৌরব সেদিন আর কিছু ছিল না। দেশ ও কালের সঙ্গে তাঁর চিন্তা ছিল ঘনিষ্ঠভাবে সংযুক্ত। ছোটগল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সর্বত্রই তিনি শ্রেষ্ঠ। তিনি আরও বলেন, সামাজিক ভেদাভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোঁড়াামি ও ধর্মান্ধতার বিরুদ্ধেও তিনি তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের দর্শনচেতনায় ঈশ্বরের মূল হিসেবে মানব সংসারকেই নির্দিষ্ট করা হয়েছে; রবীন্দ্রনাথ দেববিগ্রহের পরিবর্তে কর্মী অর্থাৎ মানুষ ঈশ্বরের পূজার কথা বলেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে কবির শ্বশুরবাড়ি ও রবীন্দ্র কমপ্লেক্সে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলার শেষ দিনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে “রবীন্দ্রসাহিত্যে প্রকৃতি ও মানবিকতা” বিষয়ের উপর আলোচনা করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জ্যোৎ¯œা চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, বিপিএম (সেবা), অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেন, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরদার মাহাবুবার রহমান। শুভেচ্ছা বক্তৃতা করেন দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



