স্থানীয় সংবাদ

কারাগারে খুলনা জেলা বিএনপি সদস্য সচিব বাপ্পীর চিকিৎসায় অবহেলার দায়ে আইনী ব্যবস্থা নেয়া হবে

# সংবাদ সম্মেলনে খুলনা বিএনপি’র হুশিয়ারি #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান বলেছেন, কারাগারে জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী হৃদরোগে আক্রান্ত হলেও সুচিকিৎসা দেয়া হয়নি তাকে। এঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, খুলনা জেলা কারা কর্তৃপক্ষের শাস্তির দাবি জানাচ্ছি না- ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের মাটিতেই তাদের বিচারের আওতায় আনা হবে। সাবেক চেয়ারম্যান এসএম মনিরুল হাসান বাপ্পী এখনো শঙ্কামুক্ত নন। দলীয় নেতাকর্মী-সমর্থক খুলনা তথা দেশবাসীর কাছে তাঁর আশু সুস্থতায় দোয়া প্রার্থনা করছি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময়ে সাংবাদিকদের প্রশ্নোত্তর দেন খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন।
লিখিত বক্তব্যে বিএনপি নেতা আমীর এজাজ খান বলেন, হাইকোর্টের আগাম জামিন শেষ হলে গত ২৪ এপ্রিল খুলনা জেলা জজ আদালতে হাজির হয়ে জেলা বিএনপি’র সদস্য সচিব বাপ্পী হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে জামিন আবেদন করেছিলেন। হাসিনার আজ্ঞাবহ আদালত চিকিৎসা নামের মৌলিক অধিকার ও মানবিক বিষয় বিবেচনা না করেই বিএনপি নেতা বাপ্পীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। গত ৩ মে খুলনা জেলা কারাগারে বাপ্পী অসুস্থ হয়ে পড়লে অনেক প্রচেষ্টার মাধ্যমে জেল চিকিৎসকের দ্বারা ইসিজি করানো হয়। পরে চিকিৎসক কারাবন্দী বাপ্পীকে জানান তাঁর ‘হার্ট এ্যাটাক’ হয়েছে। এরপর খুলনা জেলখানা কর্তৃপক্ষের সাথে দফায় দফায় অনুরোধ করেছি বিএনপি নেতা এসএম মনিরুল হাসান বাপ্পীকে বাহিরে নিয়ে মেডিকেলে সুচিকিৎসার ব্যবস্থা করুন। প্রয়োজনে চিকিৎসার ব্যয়ভার আমরাই বহন করবো। কিন্তু আমাদের কোনো কথাই কর্ণপাত করলেন না; বরং খুলনা কারা কর্তৃপক্ষ কোনো প্রকার চিকিৎসা না করিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে এড়িয়ে যান। তিনি আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশে গত ৬ মে সন্ধ্যায় চরম অসুস্থ অবস্থায় জামিনে মুক্তিলাভ করেন মনিরুল হাসান বাপ্পী। পরদিন ৭ মে সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চেকআপ করালে, পরিস্থিতি বিপদজনক দেখে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে সাথে সাথেই ভর্তি করিয়ে সিসিইউ’তে রেখে চিকিৎসা শুরু করেন। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, গত ৩ মে (কারান্তরীণ অবস্থায়) তিনি ‘হার্ট অ্যাটাক’ করেছিলেন। খুমেক হাসপাতালে রেখেই তার চিকিৎসা করানো হয়; পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ১৩ মে সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। সেখানে এনজিওগ্রাম করলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। কারাভ্যন্তরে হৃদরোগে আক্রান্ত হলে সাথে সাথে সুচিকিৎসা না পাওয়ায় মনিরুল হাসান বাপ্পীর অবস্থা এখনো আশঙ্কাজনক। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতারা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন। জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, এসএ রহমান বাবুল, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এসএম শামীম কবির ও এনামুল হক সজল, চৌধুরী কওসার আলী, ডাঃ আব্দুল মজিদ, ইলিয়াস হোসেন মল্লিক, মোঃ হাফিজুর রহমান, জিএম রফিকুল ইসলাম, এসএম মুর্শিদুর রহমান লিটন, খন্দকার ফারুক হোসেন, রফিকুল ইসলাম বাবু, রুম্মন আজম, সরদার আব্দুল মালেক, শাহাদাত হোসেন ডাবলু, দিদারুল হোসেন, শামসুল বারিক পান্না, মোল্লা সাইফুর রহমান, আবদুল মান্নান খান, মোজাফফার হোসেন, বিকাশ মিত্র, নাদিমুজ্জামান জনি উজ্জ্বল কুমার সাহা, প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button