আবারও খুলনাসহ চার বিভাগে ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি

# ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা ৩৯.৫, খুলনা ৩৮ ডিগ্রি সেলসিয়াস #
স্টাফ রিপোর্টার ঃ খুলনাসহ দেশের চার বিভাগে নতুন করে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ মো: ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এদিকে গতকাল শুক্রবার খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদ মো: ওমর ফারুক জানান, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় পরিবেশে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এ সময়ে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এর আগে গত ১৫ মে দিনের হিট অ্যালার্ট দিয়েছে সংস্থাটি। আবহাওয়া অফিস আগামী তিন দিনের পূর্বাভাসে জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের অপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছুকিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের কিছুকিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে। রোববার সকাল থেকে সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল ও খুলনা বিভাগের কিছুকিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। চলমান তাপপ্রবাহ পরিস্থিতি দেশের অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হবে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ সিনিয়র আবহাওয়াবিদ মো:. আমিরুল আজাদ বলেন, গতকাল শুক্রবার দুপুর তিনটার পর খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি, যশোরে ৩৮ দশমিক ৪ ডিগ্রি, সাতক্ষীরায় ৩৭ দশমিক ২ ডিগ্রি, মোংলায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি, কয়রায় ৩৮ ডিগ্রি, কুমারখালী (কুষ্টিয়া) ৩৯ ডিগ্রি এবং ইশ^রদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে ৩০ এপ্রিলে খুলনা বিভাগের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছিলো যশোরে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা ছিলো চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আর চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খুলনায় ৪১ দশমিক ৫ ডিগ্রি, খুলনার কয়রায় ৪২ দশমিক ৩ ডিগ্রি, মোংলায় ৪২ ডিগ্রি, ইশ^রদীতে ৪৩ দশমিক ২ ডিগ্রি এবং সাতক্ষীরায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন গত ২৫ বছরের মধ্যে খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ওই দিন খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। এই দিনে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো। আর যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ওই দিনে কুষ্টিয়ার কুমারখালীতে ৪১ দশমিক ৫ ডিগ্রি, সাতক্ষীরায় ৪১ দশমিক ৫ ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ১ ডিগ্রি এবং কয়রায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর পাবনার ঈশ্বরদীতে ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।



