স্থানীয় সংবাদ

তালায় সড়ক দূর্ঘটনায় ২ শ্রমিক নিহত : আহত ১১

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত হয়েছে ও আহত হয়েছে ১১ জন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৬ টার দিকে খুলনা পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি সরদারবাড়ী বটতলা এলাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন কয়রা উপজেলার বামিয়া ইউনিয়নের বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মহারাজপুর ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামের তোফাজ্ঝেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)। কয়রা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিল। মজুরি হিসাবে তারা ২০ থেকে ৩০ মণ ধান পায়। ধান নিয়ে (যশোর ট-১১-৩৭৮৫) ট্রাকে বাড়ী ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুল ও মনি নিহত হয়। হরিশ্চন্দ্রকাটি গ্রামের সায়েম মোড়ল জানান, খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চন্দ্রকাটি এলাকার সড়ক সম্প্রসারন করার জন্য ঠিকাদার ৪/৫মাস আগে সড়কের দুই ধারে খুড়ে রাখে। এদিন সকালে ধান বোঝাই ওই ট্রাকের চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে সড়কের খুড়ে রাখা ড্রেনের মধ্যে ট্রাকের চাকা নেমে যায়। এতেকরে ট্রাকটি রাস্তার পাশের বিলের মধ্যে উল্টে গেলে হতাহত’র ঘটনা ঘটে। তালা থানার ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমের জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button