রাজধানীতে গৃহবধূ ও যুবকের রহস্যজনক মৃত্যু

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর শনির আখড়ায় এক গৃহবধূ ও বাড্ডায় এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শনির আখড়ার শেখদী এলাকায় ভবন থেকে লাফিয়ে পড়ে শারমিন আক্তার (৩৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে নিহতের পরিবার। অন্যদিকে বাড্ডা জামতলা এলাকায় আকাশ (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। গতকাল শনিবার দুপুর ও সকালের দিকে তাদের স্বজনরা পৃথক স্থান থেকে শারমিন ও আকাশকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। শারমিন তার স্বামী গোলাম হোসেন ও তাদের দুই সন্তানকে নিয়ে শনির আখড়া শেখদী এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। নিহতের স্বামী ও সন্তান সামিউল বলেন, আর্থিক অনটনের কারণে পারিবারিকভাবে ঝগড়া বিবাদ হয়। এসব কারণে গতকাল শনিবার দুপুরের দিকে শারমিন তৃতীয় চলার ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এদিকে উত্তর বাড্ডা পানির পাম্প এলাকার একটি বাসায় গলার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আকাশ। এমনটাই জানিয়ে আকাশের ফুপু পায়েল জানান, বাড্ডা এলাকায় একটি বাসায় আকাশ ও তার এক বান্ধবী থাকতেন। তারা দুজনেই একটি প্রতিষ্ঠানের চাকরি করতেন বলে জানা গেছে। পায়েল আরও জানান, সকালে আকাশের আত্মহত্যার সংবাদ পেয়ে বাড্ডা জামতলার তাদের বাসায় গিয়ে আকাশের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে আকাশ আত্মহত্যা করেছেন এই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি পায়েলসহ হাসপাতালে উপস্থিত থাকা নিহতের আত্মীয়-স্বজনরা। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া দুটি মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আর বিষয়গুলো সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রডমিস্ত্রীর মৃত্যুঃ রাজধানীর বাড্ডা বটতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুদ (২০) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে বটতলা এইচ ব্লকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মাসুদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাসুদকে হাসপাতালে নিয়ে আসা তার বড় ভাই মাজেদুল ইসলাম ও ঠিকাদার মোঃ টিটু জানান, বটতলা এলাকার নির্মাণাধীন ৮তলা ভবনে রড মিস্ত্রীর কাজ করেন তারা। দুপুরে ভবনটির দ্বিতীয়তলায় কাটার মেশিন দিয়ে রড কাটছিলেন মাসুদ। এ সময় মেশিনটির লিক হওয়া তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। অচেতন অবস্থায় মাসুদকে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান তারা। চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। স্বজনরা জানান, নিহত মাসুদের বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম থানার মমিনপুর জোংরা গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। তিনি নির্মাণাধীন ওই ভবনটিতেই থাকতেন।



