ঢাকা ও খুলনায় পৃথক অভিযানে দুই ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ ঢাকা ও খুলনায় পৃথক দুটি অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৬। রোববার (২২ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, খুলনা সদর থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি চঞ্চল মাহমুদ পাঠান (৩৭)। তিনি মুন্সিগঞ্জের লোহজং থানার নাগেরহাট পাঠান বাড়ি এলাকার মৃত আব্দুল লতিফ পাঠানের ছেলে। অপরজন হলেন, খুলনার লবণচরা থানার একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. মাশরাফি মোল্লা (২২)। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কুশলি এলাকার মৃত জিয়াউর রহমানের ছেলে। এসআরবি সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে এসআরবি-৬ ও এসআরবি-০৪-এর যৌথ আভিযানিক দল ডিএমপির পল্লবী থানার কালশী মোড় এলাকায় অভিযান চালিয়ে চঞ্চল মাহমুদ পাঠানকে গ্রেফতার করে। অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে এসআরবি-৬-এর সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল খুলনার রূপসা থানার তিলকগ্রামে আব্দুর রশিদ নামের এক ব্যক্তির চায়ের দোকানে অভিযান চালিয়ে মাশরাফি মোল্লাকে গ্রেফতার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের একজনকে ঢাকার পল্লবী থানা এবং অপরজনকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।



