স্থানীয় সংবাদ

এমপি আনার হত্যায় গ্রেফতারকৃত কসাই জিহাদ খুলনার দিঘলিয়া আর ফয়সাল ও মোস্তাফিজ ফুলতলার বাসিন্দা

হত্যাসহ একাধিক মামলায় বছর ধরে নিরুদ্দেশ

স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় ভারতে জিহাদ হাওলাদার নামে এক আসামিকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। ২৩ মে রাতে তাকে গ্রেপ্তার করা হয়। দিল্লি এলাকায় অবৈধভাবে জিহাদ থাকতেন এবং সেখানে তিনি কসাই জিহাদ নামেই পরিচিত ছিলেন। এছাড়া গ্রেফতারকৃত ট্রাক চালক ফয়সাল ও চরমপন্থী সদস্য মোস্তাফিজ ফুলতলার বাসিন্দা। সিআইডি জানায়, জিহাদ অবৈধভাবে মুম্বাইয়ে বসবাস করতেন। দু’ মাসে আগে সংসদ সদস্য আনারকে হত্যার জন্য কলকাতায় আনে আখতারুজ্জান শাহীন। খুনের সময় আরও চার বাংলাদেশি ওই ফ্ল্যাটে ছিলেন। কিলিং মিশন শেষে মরদেহ টুকরো টুকরো করে প্লাস্টিকের ব্যাগে ভরে গুম করা হয় বলে জানান জিহাদ। ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদার ওরফে সিয়াম খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরের বাসিন্দা। পেশায় একজন রঙমিস্ত্রি। স্থানীয় দ্বন্দ্বের জেরে হত্যাচেষ্টা মামলা, মারামারি, ডাকাতিসহ একাধিক মামলার আসামি হয়ে জিহাদ ছিল নিরুদ্দেশ। আনসার হত্যা মামলাসহ ফুলতলা ও যশোরে তার নামে একাধিক মামলা রয়েছে। চার ভাই এবং এক বোন তারা। জিহাদের ভাইয়েরা স্কুল ও মাদ্রাসায় চাকরি করেন। বারাকপুরের বাড়িতে তার বাবা জয়নাল হাওলাদার, মা, স্ত্রী মুন্নি বেগম ও দেড় বছরের শিশুসন্তান রয়েছে। জিহাদের বাবা জয়নাল আবেদীন হাওলাদার বলেন, ‘জিহাদের সঙ্গে বহুদিন কথা হয়নি। ঢাকায় একটি ঝামেলার কারণে জেলে ছিল সে। ওই ঘটনার পর তার পরিবার ক্ষতির মুখে পড়ে।’ তিনি বলেন, ‘স্থানীয় মারামারি থেকেই জিহাদ সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে পড়ে।’ জিহাদের স্ত্রী মুন্নি বেগম জানান, ২০১৯ সালে প্রেমের সম্পর্কে জিহাদের সঙ্গে তার বিয়ে হয়। সে সময় জিহাদ রঙমিস্ত্রির কাজ করতো। ২০২১ সালের ২৬ অক্টোবর তার একটা ছেলে হয়। গত সাড়ে ৯ মাস আগে জিহাদের সঙ্গে তার (মুন্নি) কথা হয়। এখানে তার বিরুদ্ধে দুটি মামলা ছিল। ঢাকার একটি মামলায় বাড়িতে কয়েকবার ডিবি পুলিশ এসেছিল। প্রায় এক বছর হলো জিহাদ চলে গেছে। যোগাযোগও করেনি, টাকা পয়সাও পাঠায়নি। তিনি বলেন, ‘প্রায় ৯ মাস আগে মুঠোফোনে জিহাদের সঙ্গে কথা হয়েছিল। শুধু তার আড়াই বছরের ছেলে ও মা-বাবা কেমন আছেন সেই বিষয়ে খবর নিয়েছিল।’ মুন্নি বেগম জানান, জিহাদের কারণে তার নিজের মা-বাবার সঙ্গে সম্পর্ক নেই। জিহাদের বড় দুই ভাইও তাদের সঙ্গে কোনও যোগাযোগ করে না। শ্বশুর জয়নাল হাওলাদারের আয়ে চলে তাদের সংসার। বারাকপুরের বাসিন্দা নজরুল আকন্দ জানান, জিহাদ রঙমিস্ত্রির কাজ করতো। কয়েক বছর আগে স্থানীয় রাজনীতির দুই গ্রুপের মারামারির ঘটনায় সেসহ গ্রামের অনেকের নামে মামলা হয়। তারপর থেকে সে নিখোঁজ। জিহাদের প্রতিবেশী মো. সোহেল জানান, জিহাদ স্থানীয় বিরোধে মামলায় জড়ানোর পর জেলও খাটে। তারপর জামিনে বের হয়ে একটি ডাকাতি মামলায় জড়ায়। এ ছাড়া একটি হত্যা মামলায়ও সে আসামি। দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, জিহাদ হাওলাদারের বিরুদ্ধে দিঘলিয়া থানায় ২০২৩ সালের ৮ জুন অস্ত্র আইন, ২০২০ সালের ২৫ মে মারামারি ও ২০২০ সালের ২২ এপ্রিল মারামারির মামলা রয়েছে। সে অনেকদিন ধরে আত্মগোপনে রয়েছে। এর আগে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে জিহাদ হাওলাদারকে ভারতের মুম্বাই থেকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। সিআইডির পক্ষ থেকে বলা হয়, গ্রেফতার জিহাদের বয়স ২৪ বছর। তিনি মুম্বাইয়ের অবৈধ অভিবাসী। পেশায় একজন কসাই। তার বাবার নাম জয়নাল হাওলাদার। বাড়ি খুলনার দিঘলিয়ায়। জিহাদ হাওলাদার সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যার ঘটনায় ভাড়া করা খুনি কুখ্যাত সন্ত্রাসী শিমুল ভূঁইয়ার সহযোগী হিসেবে পরিচিত। ২৩ মে ভারতের পুলিশ এ হত্যার ঘটনায় সিয়াম নামের একজনকে গ্রেফতারের কথা বলেছিল। তবে সিয়াম এখন কাঠমান্ডুতে বলে জানা গেছে। আসলে জিহাদ হাওলাদারকেই তারা সিয়াম বলে মনে করেছিল। সিআইডির বার্তায় বলা হয়েছে, হত্যার ঘটনার দুই মাস আগে কসাই জিহাদ হাওলাদারকে কলকাতায় নিয়ে আসেন মো. আক্তারুজ্জামান শাহীন। কলকাতা সিআইডি বলছে, গ্রেফতার জিহাদ স্বীকার করেছেন, আক্তারুজ্জামানের নির্দেশেই তিনি এবং চার বাংলাদেশি মিলে আনোয়ারুল আজীমকে হত্যা করেন। ২৪ মে পশ্চিমবঙ্গের বারাসাতের আদালতে নেওয়া হয় জিহাদকে। এমপি আনার হত্যার ঘটনায় তাকে ১২ দিনের সিআইডি হেফাজতের আদেশ দিয়েছেন বারাসাত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস। এদিকে এমপি আজীমকে ভারতে নৃশংসভাবে হত্যায় গ্রেফতার ফয়সালের পুরো নাম ফয়সাল আলী সাহাজি। সে খুলনার ফুলতলার এলাকায় ভাড়া থাকতো। তার বাসায় বাবা, স্ত্রী ও তিন ছেলে মেয়ে রয়েছেন। জানা গেছে, ফয়সালের বাবা আলাউদ্দিন মূলত ভারতীয় বংশোদ্ভূত। পাকিস্তান আমলেই পরিবারের সদস্যদের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সে সময়ের শিশু আলাউদ্দিন খুলনায় আসেন। তিনি পরিবারের সঙ্গে ফুলতলায় বসবাস শুরু করেন। একপর্যায়ে বিয়ে করে সংসার শুরু করেন। আলাউদ্দিনের দুই ছেলের মধ্যে ফয়সাল ছোট। এখন তার বয়স ৪০ বছর প্রায়। ১৭ বছর বয়সে ফয়সাল ট্রাকের হেলপারি শুরু করে। এরপর চালক হয়। তিনি শুরুতে চট্টগ্রামে লরি চালাতো। এরপর খুলনার আফিল গেট জয়েন্ট ট্রান্সপোর্টের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়। ধীরে ধীরে ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য হয়। ২০২১ থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ট্রাক শ্রমিক ইউনিয়নের ফুলতলা ইউনিটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে। ফুলতলার জামিরা রোডের পল্লিমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে জালালের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। এই বাড়িতে ২৪ মে গিয়ে দেখা যায়, সেখানে সুনসান নীরবতা। তিনতলা বাড়িটির দোতলায় তার পরিবারের বসবাস। ফয়সালের স্ত্রী সোনিয়া বেগম বলেন, ‘২ মে কাজের কথা বলে অন্য দিনের মতোই বাসা থেকে বেরিয়ে যায়। এরপর আর ফেরেনি। ২৩ মে টিভিতে তার ছবি দেখি ও গ্রেফতার বলে জানতে পারি।’ তিনি বলেন, ‘দুই ছেলে ও এক মেয়েসহ শ্বশুরকে নিয়ে কীভাবে চলবো সেটাই ভাবাচ্ছে। বড় ছেলে নবম, মেয়ে পঞ্চম ও ছোট ছেলে মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ছে।’ জামিরার সেলিম সরদার বলেন, ‘ফয়সাল ট্রাক শ্রমিক থেকে শিমুলের (এমপি হত্যায় গ্রেফতার আমানুল্লাহ আমান) সহযোগী হিসেবে অপরাধ জগতে যুক্ত। শিমুলের সঙ্গে থাকা মোস্তাফিজও ফুলতলার যুগ্নিপাশার নিবাসী। সে চরমপন্থি সদস্য।’
এমপি হত্যাকা-ে ফয়সালের ভূমিকা—-
এমপি আনারের সঙ্গে স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জের ধরে দুই মাস আগেই হত্যার পরিকল্পনা করা হয়। এমপি আনার যেহেতু ঘন ঘন ভারতে যাতায়াত করেন, এজন্য ভারতেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনার অংশ হিসেবে আমানুল্লাহ আমান ওরফে শিমুল তার সহযোগী মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাহাজিকে পাসপোর্ট বানিয়ে দেয়। অনুসন্ধানে জানা গেছে, ফয়সাল ও মোস্তাফিজুরের দুটি পাসপোর্টই চলতি বছরের ৮ এপ্রিল ঢাকার বিভাগীয় পাসপোর্ট কার্যালয় থেকে ইস্যু করা হয়েছে। পাসপোর্টে ফয়সালের স্থায়ী ঠিকানা হিসেবে খুলনার ফুলতলা থানার অলকা গ্রাম এবং মোস্তাফিজুরের স্থায়ী ঠিকানা খুলনার ফুলতলার যুগনীপাশা গ্রাম উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এমপি আনারকে কলকাতায় হত্যার পরিকল্পনা সাজিয়েই মোস্তাফিজ ও ফয়সালের পাসপোর্ট করানো হয়। ভারতীয় ভিসা সংগ্রহ করে তারা ১১ মে কলকাতায় প্রবেশ করে। হত্যাকা- শেষে লাশ টুকরো করে গুমের পর ১৭ মে মোস্তাফিজ ও ১৮ মে ফয়সাল দেশে ফিরে আসে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button