স্থানীয় সংবাদ

খুলনায় গণতন্ত্র মঞ্চের প্রতিনিধি সভায় বক্তারা

খবর বিজ্ঞপ্তিঃ খুলনায় গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, সাবেক সেনা প্রধান, সাবেক পুলিশ প্রধানের দূর্নীতি ও দূর্বৃত্তায়ন এবং সরকারদলীয় এমপির নৃশংসভাবে হত্যাকা-ের দায়দায়িত্ব সরকার ও সরকারি দলের এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। দমন করে শাসন করতে যেয়ে সরকারের ভিতর বাইরে অসংখ্য অপরাধী দূর্বৃত্তদের জন্ম দেয়া হয়েছে। সরকার ও সরকারি দল আজ এইরকম শত শত তারকা অপরাধীদের প্রধান আশ্রয়কেন্দ্রে পরিনত হয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে জনম্যান্ডেটহীন ডামি সরকারকে বিদায় দেয়া ছাড়া আর কোন পথ নেই। সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে গণতন্ত্র মঞ্চ কেন্দ্র ঘোষিত খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা শনিবার বিকেলে খুলনা নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন গণতন্ত্র মঞ্চ খুলনা জেলা ও মহানগর আহবায়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির খুলনা মহানগর সভাপতি খান লোকমান হাকিম এবং সঞ্চালনা করেন গণতন্ত্রের মঞ্চ খুলনা জেলা ও মহানগরের সদস্য সচিব ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল। সভায় বক্তব্য রাখেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এ্যাড হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা শহীদ উদ্দীন মাহমুদ স্বপন ও নাগরিক ঐক্য এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুজ্জামান মহিদ। প্রতিনিধি সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জিএসডির খুলনা জেলার সভাপতি শেখ আব্দুল খালেক, নাগরিক ঐক্য খুলনা জেলার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক কে এম আলীদাদ, ভাসানী অনুসারী পরিষদ খুলনা মহানগর আহবায়ক শেখ আবদুল হালিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র খুলনা জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম, গণসংহতি আন্দোলন খুলনা জেলার অন্যতম নেতা ওলিয়ার রহমান, নাগরিক ঐক্যের সাতক্ষীরা জেলার নেতা ড. রবিউল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র যশোর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব আজাদ, ভাসানী অনুসারী পরিষদের যশোর জেলা সাধারণ সম্পাদক শওকত কামাল দ্বীপ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার সভাপতি সরদার রইফ উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাতক্ষীরা জেলার সংগঠক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের যশোর জেলার সংগঠক জান্নাতুল ফোয়ারা অন্তরা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলার সংগঠনক বায়েজিদ হাসান, খুলনা পাটকল শ্রমিক আন্দোলনের পক্ষে খালিশপুর জুট মিল শ্রমিক নেতা আলমগীর কবির প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতারা বলেন, ধারাবাহিক ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে ভয়াবহ বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে অনিশ্চিত অন্ধকারে নিপতিত করেছে।দেশকে ক্রমান্বয়ে অকার্যকরী করে তুলছে।তারা বলেন,এই অবস্থা থেকে বেরিয়ে আসার কোন নিদান সরকারের কাছে নেই। তারা বলেন, সরকারের নীতি নির্ধারকেরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদি সরকারের সাথে এক অশুভ আঁতাত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিক্ষেপ করেছে। তারা বলেন, কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপতিত করেছে। এ দেশের জনগণ কোন শক্তির আধিপত্য ও দখলদারিত্ব বরদাস্ত করবে না। তারা বলেন, দেশে ভোটাধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিশ্চিত করতে চরম দুঃশাসক সরকারকে বিদায় দিতে হবে। পাটকল ও চিনিকল বন্ধের সমালোচনা করে কেন্দ্রীয় নেতারা আরো বলেন, ‘বর্তমান সরকার দেশের ২৬টি পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছে। আজ চিনির দাম কোথায় গিয়ে ঠেকেছে, এর পুরো দায়ভার সাধারণ মানুষের ওপর গিয়ে পড়ছে। এটাই তাঁরা করতে পারেন। এটা উদ্দেশ্যমূলকভাবেই করা হয়। কাজেই আগামী দিনে যেহেতু পাট আমাদের নিত্যব্যবহার্য জিনিস, তাই এটা রাষ্ট্রায়ত্ত মালিকানায় উৎপাদন ও বিপণন করতে হবে।’ নানাভাবে সরকার শ্রমিকদের সাথে প্রতারণা করে চলেছে। বন্ধকৃত পাটকল কোনভাবেই লিজ, ভাড়াভিত্তিক বা ব্যক্তিমালিকানায় দেয়া চলবে না। তারা বলেন, ‘এই সরকার শ্রমিকদের কোনো দাবি পূরণ করবে না। পাওনা টাকার জন্য পাটকশ্রমিকদের মাথা ঠুকতে হচ্ছে বছরের পর বছর ধরে। এই হচ্ছে আমাদের চ্যাম্পিয়ন সরকার। এই বেঈমান ও বিশ্বাসঘাতক সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে তারা বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের ঐক্যবদ্ধ করে দুর্বার আন্দোলনের মাধ্যমে পাটকল চালুর ব্যবস্থা করতে হবে।’। নেতৃবৃন্দ শ্রমিক-কৃষক তথা গণমানুষের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষে রাজপথে ঐক্যবদ্ধ গণআন্দোলন জোরদার করার উদাত্ত আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button