ভারী বৃষ্টিতে খুলনা নগরীর রাস্তাঘাট প্লাবিত : নিহত ১

# উপড়ে পড়েছে নগরীর রেলিগেটে ১৩০ বছর পুরনো বটগাছ, কেসিসির চার ঘন্টার চেষ্টায় সড়কে যান চলাচল স্বাভাবিক #
স্টাফ রিপোর্টার ঃ ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে খুলনা মহানগরীর নি¤œাঞ্চলসহ বিভিন্ন সড়ক ভারী বর্ষণে প্লাবিত হয়েছে। রোববার দিবাগত রাতে উপজেলার সুরখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাওঘরা গরিয়ারডাঙ্গা গ্রামে ঘরের ওপর জামগাছ পড়ে লালচাঁদ মোড়ল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। ঘূর্ণিঝড় রিমেলের প্রচন্ড আঘাতে নগরীর রেলিগেট নদীরঘাট সংলগ্ন ১৩০ বছরের পুরনো বটগাছটি গোড়াসহ উপরে পড়েছে। সড়কটি দিয়ে যানবহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। খুলনা সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট যৌথভাবে সড়কের উপর থেকে গাছটি অপসারণে তাৎপরতা শুরু করেছে। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে ১৩০ বছরের পুরনো এলাকার ঐতিহ্যবাহী এ বটগাছটি গোড়া থেকে সম্পূর্ণ উপরে সড়কের উপর পড়ে। ফলে নবিবার রাত থেকে দিঘলিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম এ সড়কটি দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণরুপে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় নগর ঘাটে ফেরি চলাচল। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, সকাল ৯ টার দিকে খবর পেলাম বটগাছটি সড়কের উপর উপরে পড়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে খুলনা সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি। ইতিমধ্যে তারা বটগাছটি সড়কের উপর থেকে অবসারণে কাজ শুরু করেছে। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, রবিবার রাত থেকে আমাদের ফায়ার এবং উদ্ধারকর্মীরা শহর এবং শহরের বাইরে বিভিন্ন এলাকায় কাজ শুরু করে। সকালেও আমরা বিভিন্ন ইউনিটে বিভক্ত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছি। মহানগরের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত সড়কের উপর উপড়ে পড়া ২০০ টি গাছ অপসারণ করেছি। সকাল সাড়ে নয়টার দিকে রেলিগেট ফেরিঘাট সংলগ্ন শতবর্ষী বটগাছটি সড়কের উপর উপরে পড়ার সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছি। সড়কের উপর থেকে গাছটি অপসারণের কার্যক্রম শুরু করেছি। দৌলতপুর এবং খুলনা সদরের ৪টি ইউনিটের ৫০ জন কর্মী গাছটি অপসারণের কাজ করছে। আমাদের কর্মীরা ইলেকট্রিক করাত দিয়ে গাছের ডালগুলো অপসারণ করছে। এরপর গাছের মূল অংশ আমরা অপসারণের কাজ শুরু করবো। আশা করি ২/৩ ঘন্টার মধ্যে গাছটি অপসারণের কাজ শেষ করে যানবাহন চলাচল উন্মুক্ত করা সম্ভব হবে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনা মহানগরীর নি¤œাঞ্চল। এছাড়া ঝড়ে নগরীর বিভিন্ন এলাকায় অসংখ্য গাছ উপড়ে পড়েছে। সড়কের দুই পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও বিলবোর্ড ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। খুলনা আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আমিরুল আজাদ জানান, সোমবার সকাল ৬টা পর্যন্ত ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বর্তমানে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া এমনই থাকবে। সোমবার ভোরে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের ওপরে ও পাশে দোকানের সাইনবোর্ড ও বিলবোর্ড উঠে গেছে। অনেক সাইনবোর্ড রাস্তার ওপরে পড়ে আছে। সড়কের পাশে প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে রোববার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে নগরীর লবণচরা, টুটপাড়া, মহিরবাড়ি খাল পাড়, শিপইয়ার্ড সড়ক, রূপসা, বিল ডাকাতিয়া, চানমারী বাজারসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এখনও ওই সব সড়কে পানি রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। কেসিসির এষ্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার বলেন, কেসিসি, ফায়ার সার্ভিস যৌথভাবে ৪ ঘন্টার চেষ্টায় সড়ক থেকে গাছটি কিছু অংশ সরানো হয়েছে। বিকেল আড়াইটা নাগাদ সড়ক দিয়ে ইজিবাইক ও রিক্সা চলাচলের মত ব্যবস্থা করা হয়। তবে আজ মঙ্গলবার পুরো গাছ অপসারণ করা হবে বলে তিনি জানান।



